​দেনমোহর না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত

আপলোড সময় : ০৭-১০-২০২৬ , আপডেট সময় : ০৭-১০-২০২৬


স্বামীর আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে তা আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করা হলে, পারিবারিক আদালত ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন। একই সঙ্গে স্ত্রী দেনমোহর দাবি করামাত্র তা ‘তৎক্ষণাৎ প্রদেয়’ হিসেবে গণ্য হবে- এমন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

দেনমোহর ও খোরপোশ নিয়ে করা এক দেওয়ানি রিভিশন আবেদন খারিজ করে বিচারপতি মো. আব্দুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ গত ৩ সেপ্টেম্বর এ রায় দেন। ‘ইয়াকুব আলী বনাম সানজিদা নাসরিন’ মামলার ৩২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

রায়ে হাইকোর্ট বলেন, স্ত্রীর সম্মতি ছাড়া নিকাহনামায় ‘বিলম্বিত দেনমোহর’ চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। স্ত্রী দাবি করলেই তা পরিশোধযোগ্য হবে। দেনমোহর মওকুফের ক্ষেত্রেও স্ত্রীর স্বাধীন ও স্বতঃস্ফূর্ত সম্মতি থাকতে হবে। বলপ্রয়োগ, প্রতারণা, অনুচিত প্রভাব কিংবা স্বাধীন সম্মতিকে ক্ষুণ্ন করে কোনোভাবে নেওয়া মওকুফকে বৈধ ধরা যাবে না।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৪ সালের ১৯ ডিসেম্বর ২২ লাখ টাকা দেনমোহরে ইয়াকুব আলীর সঙ্গে সানজিদা নাসরিনের বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক বিরোধের জেরে ২০১৭ সালে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং পরে তাকে তালাক দেন স্বামী। ২০১৯ সালে বকেয়া দেনমোহর, ইদ্দতকালীন খোরপোশ ও মেয়ের খোরপোশ চেয়ে চট্টগ্রাম পারিবারিক আদালতে মামলা করেন সানজিদা।

২০২২ সালের ২৫ মে পারিবারিক আদালত দেনমোহর বাবদ ১৮ লাখ, ইদ্দতকালীন খোরপোশ ৩০ হাজার এবং মেয়ের বকেয়া খোরপোশ ২ লাখ ১০ হাজার টাকাসহ মোট ২০ লাখ ৪০ হাজার টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেন। পাশাপাশি মেয়ের বিয়ে পর্যন্ত প্রতি মাসে ৭ হাজার টাকা করে খোরপোশ দেওয়ার আদেশ দেওয়া হয়, যাতে প্রতিবছর ১০ শতাংশ হারে বৃদ্ধির কথাও বলা হয়। আপিলে ওই রায় বহাল থাকার পর হাইকোর্টে আসেন ইয়াকুব। তার দাবি ছিল, ৫ লাখ ৬৫ হাজার টাকা ইতোমধ্যে পরিশোধ করেছেন এবং ব্যবসায়িক ক্ষতির কারণে বাকি টাকা এককালীন দেওয়া সম্ভব নয়।

যদিও হাইকোর্ট বলেন, অধস্তন আদালতের রায় ও ডিক্রিতে এমন কোনো আইনগত ত্রুটি বা এখতিয়ারগত ভুল নেই, যাতে হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে।

আদালত আরও বলেন, নাবালিকা সন্তানের খোরপোশ নির্ধারণে মূল্যস্ফীতি, আবাসন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বিবেচনা করা যৌক্তিক। এসব পর্যবেক্ষণের পর স্বামীর রিভিশন আবেদন কোনো খরচ ছাড়াই খারিজ করে দেন আদালত এবং অধস্তন আদালতের রায় বহাল রাখেন।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :