​এবার কক্সবাজারে হোটেলে আগুন, ৩০০ পর্যটকের মধ্যে আতঙ্ক-হুড়োহুড়ি

আপলোড সময় : ২৩-১০-২০২৬ , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৯:০৯:৩৬ অপরাহ্ন

শুক্রবার বিকালে শহরের দ্য সি প্রিন্সেস হোটেলের নিচতলায় পার্কিংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কক্সবাজার রিসোর্টে আগুনে ১০ পর্যটক নিহত হওয়ার এক সপ্তাহের মাথায় এবার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার বিকালে শহরের সুগন্ধা পয়েন্টের দ্য সি প্রিন্সেস হোটেলের নিচতলায় পার্কিংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে।


প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, আগুন লাগার সময় হোটেলে তিন শতাধিক পর্যটক ছিলেন। তবে সবাই নিরাপদে রয়েছেন।

তিনি বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পার্কিং এলাকার জেনারেটরসহ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :