​গায়ক আসিফের গাড়িতে গুলি, সিএনজিতে আসা ব্যক্তির দিকে সন্দেহের তীর

আপলোড সময় : ২৪-১০-২০২৬ , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০২:৩৭:২৬ অপরাহ্ন


রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনায় গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তবে কেউ হতাহত হননি।

ঘটনাটি ঘটে মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে। সেখানে ফুটপাতের পার্কিংয়ে রাখা ছিল আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি। পুলিশের প্রাথমিক ধারণা, সিএনজিচালিত অটোরিকশায় এসে এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়ে থাকতে পারেন।  

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আসিফ আকবর ও তার এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। জব্দ তালিকার মাধ্যমে সেটি জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টার মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে ছিলেন। তবে তাকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছিল কি না, কিংবা এর পেছনে ব্যক্তিগত বা পেশাগত বিরোধ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। কী কারণে এই গুলির ঘটনা ঘটেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি এবং আসিফ আকবর নিজেও কোনো কিছুই বলতে পারেননি। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। বিভিন্ন সূত্র ধরে তদন্ত চলছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মো. আবুল বাশার তালুকদার বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :