​ডেঙ্গুতে এক দিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৮

আপলোড সময় : ২৪-১০-২০২৬ , আপডেট সময় : ২৪-১০-২০২৬

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৯৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন চট্টগ্রামে এবং বাকি চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা, ময়মনসিংহ ও রাজশাহীতে চিকিৎসাধীন ছিল।

এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৫৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৪৩১ জন রয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮১ জন।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকার বাইরে খুলনায় সবচেয়ে বেশি—৩৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া বরিশালে ২৫২ জন, চট্টগ্রামে ২৩২ জন, রাজশাহীতে ১৪১, ময়মনসিংহে ৭৫, রংপুরে ৫১ এবং সিলেটে সাতজন ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মে মাসে মারা যায় একজন। এরপর জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরে এখন পর্যন্ত মারা গেছে ১৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩২ জন।

চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫৩ শতাংশ নারী এবং ৪৭ শতাংশ পুরুষ। অন্যদিকে, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৩৭ দশমিক ৯ শতাংশ নারী এবং ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :