​যে কারণে কুসুম সিকদারকে ‘পুটলি’ ডাকতেন প্রসেনজিৎ

আপলোড সময় : ২৪-১০-২০২৬ , আপডেট সময় : ২৪-১০-২০২৬


প্রায় ১১ বছর আগে যৌথ প্রযোজনার সিনেমা ‘শঙ্খচিল’-এ অভিনয় করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী কুসুম সিকদার। সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের স্বীকৃতি পায়। অন্যদিকে, এ সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন কুসুম সিকদার।

‘শঙ্খচিল’-এর শুটিংয়ের সময় কুসুম সিকদারকে একটি মজার নামে ডাকতেন প্রসেনজিৎ। নামটি ছিল ‘পুটলি’। কিন্তু কেন এমন নামে ডাকা হতো অভিনেত্রীকে?

সিনেমাটির শুটিংয়ে প্রতিদিন প্রয়োজনীয় নানা জিনিসপত্র একটি ব্যাগে ভরে সেটে আসতেন কুসুম। তাঁর ব্যাগে যেন সব ধরনের প্রয়োজনীয় জিনিসই পাওয়া যেত। আর এ কারণেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সিনেমাটির পরিচালক গৌতম ঘোষ মজা করে কুসুমকে ‘পুটলি’ নামে ডাকতেন।    

সম্প্রতি নিজের জীবনের এমন অনেক জানা-অজানা গল্প তুলে ধরেছেন কুসুম সিকদার। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শীর্ষক একটি পডকাস্টে অংশ নিয়ে এসব অভিজ্ঞতার কথা জানান তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টটির এই পর্ব প্রচার হবে শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টায়। এটি দেখা যাবে মাছরাঙা টেলিভিশনে এবং শোনা যাবে রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে।

পডকাস্টে নিজের নতুন চলচ্চিত্রের পরিকল্পনার কথাও জানিয়েছেন কুসুম সিকদার। খুব শিগগিরই পরিচালনায় তাঁর দ্বিতীয় সিনেমার কাজ শুরু করতে চান তিনি। এবার ক্রাইম-থ্রিলার ঘরানার গল্প নিয়ে দর্শকদের সামনে আসার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী। সিনেমাটির মূল গল্প তাঁর নিজের। তবে চিত্রনাট্য তৈরির জন্য উপযুক্ত চিত্রনাট্যকার খুঁজছেন তিনি।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :