ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগ সত্ত্বেও সাময়িক বরখাস্ত না করায় জনমনে ক্ষোভ
সিরাজুল ইসলাম শিশির॥
সরকারি চাকরির প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার প্রায় এক সপ্তাহ পর বিতর্কিত সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হারুন-অর-রশিদকে স্ট্যান্ড রিলিজ করে খাদ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। গত রোববার (২৫ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবুর রহমান সেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। পাশাপাশি জামালপুর জেলার খাদ্য কর্মকর্তা আসাদুজ্জামান খানকে সিরাজগঞ্জের নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে ফৌজদারি অপরাধে জড়িত থাকার গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে সাময়িক বরখাস্ত না করে কেবল স্ট্যান্ড রিলিজ করায় সংশ্লিষ্ট দপ্তরসহ জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবারের (২৬ অক্টোবর) মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থল খাদ্য অধিদপ্তরে যোগদান করতে হবে। অন্যথায় ২৭ অক্টোবর দুপুরের পর থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
সম্প্রতি দ্য ডেইলি স্কাই-সহ বিভিন্ন গণমাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি চাকরির প্রশ্নফাঁস চক্রের সঙ্গে তার জড়িত থাকার খবর ফলাও করে প্রকাশিত হয়। এর পরই মূলত প্রশাসনের টনক নড়ে এবং এই বদলির আদেশ আসে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত একজন কর্মকর্তাকে কেন সাময়িক বরখাস্ত করা হলো না, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
অভিযোগ রয়েছে, প্রশ্নফাঁস চক্রের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই ওই কর্মকর্তা গা ঢাকা দেন। গত রোববার তিনি গোপনে কার্যালয়ে এসে বিগত কয়েকদিনের হাজিরা সম্পন্ন করেই তাৎক্ষণিকভাবে আবার চলে যান। বর্তমানে তার সরকারি মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
১১টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের জাল
এর আগে নির্ধারিত নিয়োগ পরীক্ষা বাতিলের ঘটনা তদন্ত করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। সরকারি দায়িত্বের আড়ালে হারুন-অর-রশিদসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সরকারি দপ্তরের অন্তত ১১টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়।
মামলার তদন্তে নেমে এসআরবি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে। তাদের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপের তথ্য বিশ্লেষণ করে চক্রের অপরাধমূলক কার্যক্রমের নানা তথ্য উদঘাটন করা হয়। তদন্তকারীরা জানান, কেবল যুব উন্নয়ন অধিদপ্তর নয়; প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সিজিডিএফ (ডিফেন্স ফাইন্যান্স), খাদ্য মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অন্তত ১১টি সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র ফাঁসের সঙ্গে এই সিন্ডিকেট যুক্ত ছিল।
সিন্ডিকেটের কেন্দ্রবিন্দুতে যারা
তদন্ত সংশ্লিষ্টদের বিশ্লেষণ অনুযায়ী, পুরো সিন্ডিকেটের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান কর্মকর্তা সুজিত গোপ। তার সহযোগীদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, এনবিআর এবং পরিবেশ অধিদপ্তরের নিম্নপদস্থ কর্মচারীরা যুক্ত থেকে মতিঝিলসহ বিভিন্ন গোপন স্থানে পরীক্ষার্থীদের সঙ্গে কোটি টাকার চুক্তিতে প্রশ্নের উত্তর মুখস্থ করাতেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া চক্রের অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করতেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকির এবং বিসিএস ৩৬তম ব্যাচের কর্মকর্তা সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-অর-রশিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই সাবেক শিক্ষার্থী নিজেদের মধ্যকার সখ্যকে কাজে লাগিয়ে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার্থী সংগ্রহের বিশাল নেটওয়ার্ক গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, তারা প্রার্থীপ্রতি ১০ লাখ টাকার চুক্তিতে স্ট্যাম্পে স্বাক্ষর, মূল শিক্ষাগত সনদ অথবা দুই থেকে তিন লাখ টাকার ফাঁকা ব্যাংক চেক জিম্মায় রেখে পুরো প্রক্রিয়াটি পরিচালনা করতেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-অর-রশিদ কমিশনের বিনিময়ে তার দপ্তরের কতিপয় বিশ্বস্ত কর্মকর্তা-কর্মচারীকে প্রার্থী সন্ধান ও সংগ্রহে ব্যবহার করতেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
বাংলাদেশের প্রচলিত ফৌজদারি আইন ও সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী, সরকারি পদে আসীন থেকে নিয়োগ পরীক্ষার মতো গোপনীয় প্রক্রিয়ায় অনিয়ম, অসদাচরণ ও প্রতারণামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া অত্যন্ত গুরুতর অপরাধ। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পরীক্ষার স্বচ্ছতা নষ্ট করার এই ঘটনা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সিআইডি জানিয়েছে, অভিযুক্ত সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-অর-রশিদ ও সুজিত গোপকে গ্রেপ্তারে প্রযুক্তিগত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাতে সিআইডির একটি দল মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বিএআরসি সহকারী পরিচালক সোহাগ ফকিরকে (৩৮) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের আব্দুল হালিম ফকির ও বিউটি বেগমের ছেলে।
ভুয়া চালকলে অনৈতিক বরাদ্দের অভিযোগ
এদিকে প্রশ্নফাঁস ছাড়াও ভুয়া চালকলে অনৈতিক বরাদ্দ দিয়ে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-অর-রশিদ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে এর আগে গুরুতর অভিযোগ উঠেছিল। তবে সংশ্লিষ্ট দপ্তর থেকে সেটির কোনো দৃশ্যমান তদন্ত হয়নি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ১৪২টি নিবন্ধিত চালকলের মধ্যে ১৩৭টি মিলকে ১২ হাজার টন সেদ্ধ চাল সরবরাহের জন্য বরাদ্দ দেন জেলা খাদ্য কর্মকর্তা হারুন-অর-রশিদ। প্রতি টন চালের সরকারি দর ৪৯,০০০ টাকা ধরে এই বরাদ্দের মোট আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ৫৮ কোটি ৮৯ লাখ টাকা।
তবে স্থানীয় চালকল মালিক ও বাসিন্দাদের দাবি, বরাদ্দ পাওয়া ১৩৭টি মিলের মধ্যে অন্তত ৭০টি মিলের বাস্তবে কোনো অস্তিত্বই নেই। ভুয়া ও ত্রুটিপূর্ণ কাগজপত্র তৈরি করে আর্থিক সুবিধার বিনিময়ে এসব ‘ভূতুরে’ মিলের নামে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টি হলে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে দীর্ঘদিনেও সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ না দেখায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়েছে।