পদ্মা নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা, নদীভাঙন রোধ এবং পদ্মা সেতুসহ সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে নদীটি থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার (মোসাস) পক্ষে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংগঠনটির চেয়ারম্যান গোলাম রহমান ভূঁইয়া।
সোমবার সাংবাদিকদের তিনি জানান, পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে রিটটি করা হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হতে পারে।
রিটে বিবাদী করা হয়েছে ২৩ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু, স্বরাষ্ট্র, আইন, বিচার ও সংসদবিষয়ক, ভূমি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবরা।
আবেদনে পদ্মা নদী রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, নদীভাঙন ও কৃষিজমির ক্ষতি প্রতিরোধ এবং পদ্মা সেতুসহ সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন করা হয়েছে।
পাশাপাশি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনসহ সংশ্লিষ্ট আইনগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নদীর তলদেশের বর্তমান অবস্থা এবং পদ্মা সেতুর ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণে কারিগরি ও পরিবেশগত সমীক্ষা পরিচালনার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনের ইজারার শর্ত ও অনুমোদিত সীমানা যাচাই, অবৈধ বালু উত্তোলন বন্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট এলাকাগুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।
জাতীয় বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে রিটে অভিযোগ করা হয়েছে, ইজারার শর্ত লঙ্ঘন করে পদ্মা নদী থেকে ১৮ থেকে ২০টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীরবর্তী এলাকায় ভাঙন বাড়ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ধরনের কর্মকাণ্ড সংশ্লিষ্ট ইজারার ১৩ নম্বর শর্তের পরিপন্থী বলেও দাবি করা হয়েছে।
রিটে আরও বলা হয়েছে, নির্ধারিত এলাকার বাইরে বালু উত্তোলনের কারণে শরীয়তপুরের জাজিরা উপজেলায় নদীর চর ভেঙে যাচ্ছে। গত তিন মাসে প্রায় ২০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া একটি বাঁধের কাছাকাছি অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বাঁধটি ঝুঁকির মুখে পড়েছে বলেও আবেদনে অভিযোগ করা হয়েছে।
রিটকারীর মতে, এ ধরনের কর্মকাণ্ড জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ ও আইনের শাসনের পরিপন্থী। তাই পদ্মা নদী, পদ্মা সেতু এবং সংশ্লিষ্ট অবকাঠামো রক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।