ক্রসফায়ার নিয়ে বর্তমান পুলিশ প্রধান মো. আলী হোসেন ফকিরের বিতর্কিত বক্তব্যের প্রেক্ষাপটে নতুন আইন্সশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পদে নিয়োগ নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ১৫তম বিসিএস ক্যাডারের তিন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম সামনে এসেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী কার্যালয় (পিএমও) থেকে ইতিমধ্যে ওই তিন কর্মকর্তার ব্যক্তিগত ও চাকরি সংক্রান্ত বিস্তারিত নথি চাওয়া হয়েছে।
বিবেচনায় থাকা তিন কর্মকর্তা হলেন—আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তারা তিনজনই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি ও অন্যান্য পেশাগত সুবিধা থেকে বঞ্চিত ছিলেন বলে জানা গেছে।
পিএমও সূত্রের বরাতে জানা গেছে, জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার দেশে ফেরার পর পুলিশ প্রধানের পদে পরিবর্তন ও নতুন আইজিপি নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
তবে আইজিপি নিয়োগের সার্বিক বিষয়টি সরকারপ্রধানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এবং তালিকার বাইরে অন্য কোনো যোগ্য কর্মকর্তার নামও বিবেচনায় আসতে পারে। আলোচনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের নামও রয়েছে। গোয়েন্দা প্রতিবেদন, কর্মকর্তাদের অতীত ভূমিকা এবং দায়িত্ব পালনের দক্ষতার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজনৈতিক ও সরকারি পর্যায়ে প্রতিক্রিয়া
পুলিশ প্রধানের বক্তব্য সামনে আসার পরই সরকারের উচ্চপর্যায় এবং রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছেন, ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য অনাকাঙ্ক্ষিত এবং এ ধরনের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্যকে সরকারের জন্য বিব্রতকর বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।
বিতর্কের সূত্রপাত
গত সোমবার পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেন, সরকার অনুমতি দিলে অপরাধ দমনে ক্রসফায়ার দিতে পুলিশ দ্বিধা করবে না। পাশাপাশি কঠোর ব্যবস্থা নিলে পুলিশকে ‘ফ্যাসিস্ট’ এবং নিষ্ক্রিয় থাকলে ‘দুর্বল’ আখ্যা দেওয়া হয় বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তার এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরপরই মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তীব্র সমালোচনা শুরু হয়।
পরবর্তী সময়ে পুলিশ সদর দপ্তর থেকে ব্যাখ্যা দিয়ে জানানো হয়, আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অর্থে ব্যবহার করেননি; বরং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের বিষয়টি বোঝাতে রূপক অর্থে ব্যবহার করেছেন। তবে এ ব্যাখ্যা বিতর্ক সামাল দিতে পারেনি।
শীর্ষ তিন প্রতিদ্বন্দ্বীর প্রোফাইল:
হাসিব আজিজ (প্রধান, এপিবিএন)
কর্মজীবন: ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট, ইন্টারপোল ডেস্কের প্রধান ও টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে সিএমপি কমিশনার এবং ২০২৬ সালের মার্চে এপিবিএন প্রধানের দায়িত্ব নেন।
পরিচয়: ১৯৭১ সালে শরীয়তপুরে জন্মগ্রহণ করেন। তিনি সাবেক আইজিপি ও ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম আজিজুল হকের ছেলে।
ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন (প্রধান, সিআইডি)
কর্মজীবন: ১৫তম বিসিএসের এই কর্মকর্তা মাঠপর্যায়ে পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া র্যাব, ডিএমপি, সিএমপি এবং জাতীয় গোয়েন্দা সংস্থায় (এনএসআই) কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০২৬ সালের ২৯ জুলাই তিনি সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
শিক্ষা: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং যুক্তিসাজ্য (ইউকে) থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
মো. আহসান হাবীব পলাশ (মহাপরিচালক, এসআরবি)
কর্মজীবন: ১৫তম বিসিএসের কর্মকর্তা হিসেবে ১৯৯৫ সালে এএসপি পদে যোগ দেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, ডিএমপি, সিএমপি, এসএমপি, এপিবিএন এবং পিবিআই-তে দায়িত্ব পালন করেছেন। ২০২৬ সালের মার্চে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়ে র্যাবের মহাপরিচালক হন এবং সেপ্টেম্বরে নবগঠিত এসআরবি-র প্রথম প্রধান হিসেবে দায়িত্ব নেন।
শিক্ষা ও প্রশিক্ষণ: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় পেশাগত প্রশিক্ষণ নিয়েছেন।