​ভারত ছাড়ছেন না ইমরান খান: হাইকোর্ট

আপলোড সময় : ২৮-১০-২০২৬ , আপডেট সময় : ২৮-১০-২০২৬


ভারত: ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে বলিউড অভিনেতা ইমরান খানের করা আবেদনে স্বস্তি দিয়েছেন বোম্বে হাইকোর্ট। বিদেশি নাগরিক নিবন্ধন দপ্তরের (এফআরআরও) জারি করা নির্দেশটির কার্যকারিতা স্থগিত করেছেন আদালত। ফলে আপাতত ভারত ছাড়তে হচ্ছে না মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে কেন্দ্রীয় সরকার আদালতকে জানায়, পরবর্তী শুনানির আগে ইমরান খানের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হবে না। পরে আদালত মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২ নভেম্বর ধার্য করেন।

ইমরানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ভেঙ্কটেশ ধোন্দ দ্রুত শুনানির আবেদন জানান। কারণ, এফআরআরওর নির্দেশ অনুযায়ী বুধবারের মধ্যে অভিনেতাকে ভারত ছাড়তে হতো।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং শুনানির জন্য সময় চান। পাশাপাশি পরবর্তী শুনানি পর্যন্ত ইমরানের বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে না বলে আদালতকে আশ্বস্ত করেন তিনি। এরপর আদালত ভারত ছাড়ার নির্দেশটির কার্যকারিতা স্থগিত রেখে মামলাটি মুলতবি করেন।

মার্কিন নাগরিক ইমরান খানের কাছে ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে। গত ১৫ অক্টোবর মুম্বাইয়ের এফআরআরও তাকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়।

অভিযোগ, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। বিদেশি নাগরিক হয়েও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছিলেন বিজেপি নেতা কিরীট সোমাইয়া। এর পরিপ্রেক্ষিতেই এফআরআরওর নির্দেশ জারি করা হয় বলে জানা গেছে।

এর আগে গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের কাছে ইমরান খানকে আটক করে পুলিশ। সে সময় তার সঙ্গে ছিলেন সঙ্গী লেখা ওয়াশিংটন, মা নুজহাত, চাচাতো বোন জয়ন মেরি খানসহ আরও কয়েকজন।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে তাদের আটক করা হয়েছিল। প্রতিবাদকারীরা কর্মী তুষার গান্ধীর সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রচারাভিযানে সমর্থন জানাচ্ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এফআরআরওর নির্দেশকে ‘স্বেচ্ছাচারী, বেআইনি, বিকৃত ও কঠোর’ বলে উল্লেখ করেছেন ইমরান খান। গত ১৭ অক্টোবর বোম্বে হাইকোর্টে আবেদন করে তিনি নির্দেশটির বৈধতা চ্যালেঞ্জ করেন।

আবেদনে ইমরানের দাবি, ২০২৫ সালের অভিবাসন ও বিদেশি নাগরিক আইন কিংবা নাগরিকত্ব আইনের কোনো বিধান তিনি লঙ্ঘন করেননি। কোন আইনি বিধান ভঙ্গের অভিযোগে তাকে ভারত ছাড়তে বলা হয়েছে, নির্দেশে তা স্পষ্ট করা হয়নি বলেও দাবি করেন তিনি।

ইমরানের আইনজীবীদের বক্তব্য, নির্দেশ জারির আগে তাকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। যথাযথ তদন্ত ছাড়াই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

ইমরান খান দাবি করেছেন, ঘটনাস্থলে পৌঁছানোর সময় সেখানে কোনো প্রতিবাদ কর্মসূচি চলছিল না। তিনি পুলিশের ব্যারিকেড অতিক্রম করে বিক্ষোভস্থলেও প্রবেশ করেননি। বরং নিজের গাড়িতে ফেরার সময় সংবাদকর্মীরা তাকে ঘিরে ধরলে পুলিশ আটক করে বলে আবেদনে উল্লেখ করেছেন তিনি।

অভিনেতার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের সংবিধানের ১৪ ও ২১ অনুচ্ছেদের উল্লেখ করে তিনি বলেছেন, ভারত ছাড়ার নির্দেশ তার সমতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার ক্ষুণ্ন করছে।

আবেদনে ভারতের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টিও তুলে ধরেছেন ইমরান। তার বক্তব্য, দুই বছর বয়স থেকে তিনি ভারতে বসবাস করছেন। পরিবার, শিক্ষা, বিয়ে ও পেশাগত জীবনের সঙ্গে দেশটির গভীর সম্পর্ক রয়েছে তার। এ ছাড়া তার বিরুদ্ধে অপরাধের কোনো পূর্ব ইতিহাস নেই বলেও দাবি করেছেন অভিনেতা।

ওসিআই কার্ডধারী হিসেবে তার আইনি অবস্থান যথাযথভাবে বিবেচনা না করেই ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নির্দেশটি বাতিলের পাশাপাশি আদালতের কাছে অন্তর্বর্তী সুরক্ষাও চেয়েছেন ইমরান।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :