‘দুধের মতো ফর্সা শরীর’, অভিনেতার মন্তব্যে তামান্নার জবাব

আপলোড সময় : ৩০-১০-২০২৬ , আপডেট সময় : ৩০-১০-২০২৬

ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার গায়ের রং ও শারীরিক গড়ন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা আন্নু কাপুর। তার ওই মন্তব্যকে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী বলেও সমালোচনা করেছিলেন অনেকে। তবে এসব বিতর্কে মনোযোগ দিতে চান না তামান্না। অভিনয় ও নতুন কাজ নিয়েই এখন ব্যস্ত থাকতে চান তিনি।

সম্প্রতি এনডিটিভি প্রফিট ইগনাইট অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেছেন তামান্না। একই সঙ্গে নিজের অভিনয় জীবনের বর্তমান পর্যায়ে এসে চরিত্র নির্বাচনের মাধ্যমে দর্শকের কাছে নিজের ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছেন কি না, এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি।

তামান্না বলেন, একজন সৃজনশীল মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মন দিয়ে শোনা। তবে কী গ্রহণ করতে হবে আর কোন বিষয়গুলো এড়িয়ে যেতে হবে, সেটাও বোঝা জরুরি। 

অভিনেত্রীর ভাষায়, ‘আমরা যদি এ ধরনের বিষয়কে গুরুত্ব দিতে শুরু করি, তাহলে হয়তো জীবনে সামনে এগিয়ে যেতে পারব না।’

তামান্না আরও বলেন, ‘আমি এসব বিষয় দেখিই না। আমি আমার কাজে মনোযোগ দিই। কী তৈরি করতে চাই, আমার অভিনয়জীবন—এসব নিয়েই ভাবি। সত্যি বলতে, আমি নিজের কাজকে একধরনের সেবা হিসেবে দেখি। আমি সেভাবেই কাজ করি। হয়তো এ কারণেই আমার কাজ মানুষের কাছে পৌঁছায়। কারণ, এর পেছনে আমার উদ্দেশ্যটা সঠিক।’

কী বলেছিলেন আন্নু কাপুর
গত বছর ইউটিউবার শুভঙ্কর মিশ্রর চ্যানেলে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন আন্নু কাপুর। সেখানে তামান্নার ‘আজ কি রাত’ গানের একটি ক্লিপ নিয়ে কথা ওঠে। উপস্থাপক গানটি তার কেমন লেগেছে জানতে চাইলে এবং তামান্নার প্রতি নিজের মুগ্ধতার কথা বললে আন্নু কাপুর মন্তব্য করেন, ‘কী দুধের মতো ফর্সা শরীর!’

এরপর তামান্নার গানের সঙ্গে তার শারীরিক সৌন্দর্য নিয়েও মন্তব্য করেন এই অভিনেতা। তার কথার অর্থ ছিল, তামান্না নিজের গান ও সৌন্দর্য দিয়ে দর্শকদের মুগ্ধ করছেন। এমনকি তার গান ও উপস্থিতি মানুষের ভালো ঘুমের কারণ হলে সেটিকে দেশের জন্য আশীর্বাদ বলেও উল্লেখ করেন আন্নু।

তবে মন্তব্যের ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকের মতে, একজন অভিনেত্রীর কাজের বদলে তার গায়ের রং ও শরীর নিয়ে এভাবে কথা বলা আপত্তিকর। মন্তব্যটিকে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী বলেও অভিহিত করেন অনেকে।

নতুন সিনেমায় তামান্না
তামান্নাকে সর্বশেষ দেখা গেছে ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমায়। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। সামনে তাকে দেখা যাবে বালাজি মোশন পিকচার্সের ‘রাগিণী এমএমএস ৩’ সিনেমায়। এতে আরও অভিনয় করছেন জুনায়েদ খান। ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে ছবিটির।

সূত্র: এনডিটিভি

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :