সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার বিভিন্ন চরমপন্থি দলের ৬৫ জন সদস্য আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন।
রবিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অবস্থিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তরে-নতুন পথে প্রত্যাবর্তন: চরমপন্থি সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ-২০২৬- শীর্ষক এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমীন। এতে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলিম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শাহানা আখতার জাহান।
এসআরবি-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে এবং স্কোয়াড্রন লিডার ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু উপস্থিত ছিলেন।
আত্মসমর্পণকারী মো. মাজেদ আলী মুন্সী অনুভূতি ব্যক্ত করে বলেন, "অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আসতে পেরে আজ খুব ভালো লাগছে।"
অপর আত্মসমর্পণকারী আইনুল হোসেন জানান, ভুল পথে থাকায় দীর্ঘ ১৫ বছর তিনি পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন।
মো. আলম সেখ নামের আরেকজন জানান, প্রয়োজনীয় রসদ ও দিকনির্দেশনার অভাবে চরমপন্থায় জড়ানো অনেকেই একপর্যায়ে দস্যুবৃত্তিতে লিপ্ত হয়েছিলেন।
আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং পরিবার ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে প্রয়োজনীয় পুনর্বাসনমূলক উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৬৮ সাল থেকে এই অঞ্চলে বিভিন্ন চরমপন্থি মতাদর্শের বিস্তার শুরু হয়। পরবর্তীতে 'পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-লাল পতাকা)', 'পূর্ব বাংলা সর্বহারা পার্টি (এমবিআরএম)' ও 'জনযুদ্ধ'-সহ বিভিন্ন নিষিদ্ধ দল গঠন করে আশির ও নব্বইয়ের দশকে তারা সশস্ত্র তৎপরতা চালায়।
একপর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি ও সংঘাতের ফলে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে ১৯৯৮ সালে সিরাজগঞ্জের কামারখন্দে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শতাধিক, ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় ৫৯৬ জন এবং ২০২৩ সালের ২১ মে সিরাজগঞ্জে র্যাব কার্যালয়ে আরও ৩২৩ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেছিলেন।