খুলনার দৌলতপুরসহ বৃহত্তর খুলনাঞ্চলের বিভিন্ন ফিলিং স্টেশন থেকে ভেজাল ও মানহীন অকটেন সরবরাহের অভিযোগ দিন দিন তীব্র হচ্ছে। এর ফলে চরম বিপাকে পড়েছেন এই অঞ্চলের হাজার হাজার মোটরসাইকেল চালক ও সাধারণ গ্রাহক। এমনিতেই জ্বালানি তেলের চড়া দাম, তার ওপর বাইকের যান্ত্রিক ত্রুটি, মাইলেজ হ্রাস এবং ফুয়েল ট্যাংকে মরিচা ধরার মতো সমস্যাগুলো বাইকারদের জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
অনুসন্ধানে জানা যায়, খুলনার দৌলতপুর তেল ডিপোতে অবস্থিত তিনটি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে ডিপোর ভেতরেই অকটেনের সঙ্গে ভেজাল মেশানো হচ্ছে এবং তা পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে।
সিন্ডিকেটের নেতৃত্বে ডেপুটি ম্যানেজার সাদেকিন:
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাঘাবাড়ী থেকে বদলি হয়ে আসার পর খুলনার দৌলতপুর ডিপোর যমুনা অয়েল কোম্পানির ডেপুটি ম্যানেজার হিসেবে যোগ দেন আবুল ফজল মো. সাদেকিন। অভিযোগ রয়েছে, যোগদানের পরই তিনি একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন এবং তার প্রত্যক্ষ নেতৃত্বেই ডিপোর অভ্যন্তরে তেল ভেজালের কার্যক্রম তরান্বিত হয়।
অভিযোগে বলা হয়েছে, পেট্রোলের তুলনায় অকটেনের দাম লিটারপ্রতি ৫ টাকা বেশি হওয়ায়, ডিপোর ভেতরেই প্রতি ১০০ লিটার অকটেনে ১০ লিটার পেট্রোল ও নির্দিষ্ট অকটেন কালার (রঙ) মিশিয়ে এই অপকর্ম চালানো হচ্ছে। কখনো কখনো পেট্রোলের পরিবর্তে কেরোসিন বা ময়লাযুক্ত কনডেনসেট, রঙ এবং অকটেনের সুবাস সৃষ্টিকারী উপাদান (ফ্লেভার) মেশানো হয় বলে জানা গেছে। প্রতি ১০০ লিটারে ১০ লিটার ভেজাল মেশানোর ফলে বেঁচে যাওয়া অতিরিক্ত আসল তেল আলাদাভাবে সংরক্ষণ করে পরবর্তীতে চোরাই পথে বিক্রি করে দেওয়া হচ্ছে।
ভেজাল ও চোরাই তেল ব্যবসাকে ঘিরে মহাসড়কের দুই পাশে অবৈধ তেলের দোকান:
ভেজাল ও চোরাই তেল ব্যবসাকে ঘিরে দৌলতপুর ও আশপাশ এলাকায় সড়কের দুই পাশে গড়ে উঠেছে অংখ্য অবৈধ তেলের দোকান। ডিপোর বাইরে এসব কার্যক্রম পরিচালিত হওয়ায় আইনগত ফাঁক দিয়ে দায় এড়িয়ে যাচ্ছেন ঐ কর্মকর্তা। তবে এর আগে বাঘাবাড়ীতে কর্মরত থাকাকালীন সময়েও সাদেকিনের নেতৃত্বে একই ধরনের সিন্ডিকেট পরিচালনা, তেল চুরি ও ভেজাল তেল বিক্রির অভিযোগ ছিল।
বিএসটিআইয়ের নজরদারি নিয়ে প্রশ্ন ও স্থানীয় বাধা:
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক জ্বালানি তেলের মান নিয়মিত পরীক্ষা করার কথা থাকলেও তা কালেভদ্রেও হয় কি না—তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। অভিযোগ রয়েছে, যখনই পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়, তখন অত্যন্ত সুকৌশলে আসল (ভেজালমুক্ত) তেল স্যাম্পল হিসেবে প্রদর্শন করে তা ল্যাব টেস্ট করানো হয়। এর ফলে ভেজাল চক্রটি সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে এবং ডিপো থেকে এসব মানহীন তেল পাম্প হয়ে বাজারে পৌঁছে গ্রাহকদের প্রতারিত করছে। সিন্ডিকেটটি এই অবৈধ প্রক্রিয়ায় হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক খুলনার এক ফিলিং স্টেশন মালিক জানান, পদ্মা ও যমুনা ডিপো থেকে সংগ্রহ করা অকটেন বিক্রির পর তেল থেকে তীব্র দুর্গন্ধ ও প্রচুর ময়লা বের হওয়ায় বেশ কয়েকজন ক্ষুব্ধ বাইকার তার কর্মচারীকে মারধর করতে উদ্যত হন। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ভুক্তভোগী বাইকারদের অভিযোগ, প্রতিনিয়ত ভেজাল ও ময়লাযুক্ত তেল কিনে প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি তাদের কষ্টার্জিত টাকায় কেনা মোটরসাইকেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় প্রতিদিনই যান্ত্রিক ত্রুটির কারণে তাদের মেকানিকের শরণাপন্ন হতে হচ্ছে, যার ফলে অতিরিক্ত অর্থ অপচয়ের পাশাপাশি মূল্যবান সময়ও নষ্ট হচ্ছে।
সংশ্লিষ্টদের বক্তব্য:
বিএসটিআইয়ের খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী রহিমা তালুকদার বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর জ্বালানির গুণগত মান পরীক্ষার বিষয়ে বিএসটিআইকে আরও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দৌলতপুর তেল ডিপো কর্তৃপক্ষ এবং স্থানীয় তেল পাম্প মালিকদের একটি প্রভাবশালী চক্র বা কমিউনিটি (সিন্ডিকেট) অসহযোগিতার কারণে নিয়মিত তেলের মান তদারকি ব্যাহত হচ্ছে।
তিনি আরও জানান, খুলনায় জ্বালানি তেলের মান পরীক্ষার জন্য নিজস্ব কোনো আধুনিক ল্যাব নেই। ফলে স্যাম্পল সংগ্রহ করে তা প্রধান কার্যালয়ে পাঠাতে হয়, যার কারণে তাৎক্ষণিক ঝটিকা অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। সে কারণে সাম্প্রতিক এই ভেজালের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
এ বিষয়ে বক্তব্য জানতে দৌলতপুর ডিপোর যমুনা অয়েল কোম্পানির ডেপুটি ম্যানেজার আবুল ফজল মো. সাদেকিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।