খুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, ১০ মাসে ৭৫ হত্যাকাণ্ড

আপলোড সময় : ০২-১১-২০২৬ , আপডেট সময় : ০২-১১-২০২৬

খুলনা ব্যুরো॥

খুলনার রূপসা উপজেলার আঠারোবেকি নদী থেকে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

এ নিয়ে চলতি বছরের প্রথম ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় ৭৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রূপসা সরকারি কলেজের বিপরীতে সিংহের চর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুজনকে গুলি করে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে।

নিহত দুজন হলেন- মেহেদী হাসান সোহাগ (৩৫) ও রেজাউল করিম ওরফে আলামিন (৩০)। পুলিশের ভাষ্য, তারা খুলনার আলোচিত সন্ত্রাসী গোষ্ঠী বি কোম্পানির সদস্য ছিলেন। সোহাগের চোখের পাশে এবং আলামিনের থুতনির নিচে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে।

সোহাগের বাড়ি রূপসা উপজেলার রাজাপুর গ্রামে। তার বাবার নাম মো. আব্দুল্লাহ। স্থানীয়রা জানান, আব্দুল্লাহ একসময় জেলখানা ঘাটে মাঝি হিসেবে কাজ করতেন। পরে সোহাগ সন্ত্রাসী গোষ্ঠী বি কোম্পানির সঙ্গে জড়িয়ে পড়েন। আলামিনের বাবার নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে নদীর সিংহের চর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন তারা। পরে ভাটার সময় পানি কমে গেলে একই জায়গায় পাশাপাশি দুটি মরদেহ দেখতে পান। তাদের একজনের পরনে শার্ট ও জিনসের প্যান্ট, অন্যজনের পরনে টি-শার্ট ও জিনসের প্যান্ট ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়। আশপাশের গ্রামে খোঁজ নিয়ে তাদের পরিচয় শনাক্ত করেন স্থানীয় লোকজন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুটি লাশের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। গুলি করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ড দুটি ঘটেছে। সোহাগ ও আলামিন বি কোম্পানির সদস্য ছিলেন। তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত শনিবার রাত ১১টার দিকে খুলনা মহানগরের লবণচরা থানার কাশেমিয়া জামে মসজিদ সড়কে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন রোববার সন্ধ্যায় নগরের রায়েরমহল বড় মসজিদের পেছনে সৈয়দ হুমায়ুন কবির নামের এক তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সিদ্দিক শেখ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে সোমবার নদী থেকে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হলো। 

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :