​৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার

আপলোড সময় : ০৩-১১-২০২৬ , আপডেট সময় : ০৩-১১-২০২৬
জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দিতে সার্ভেয়ার আসাদুল ঘুষ দাবি করেন বলে ভাষ্য দুদকের



জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের (ভূমি অফিস) এক সার্ভেয়ারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সকালে দুদকের ‘ফাঁদ অভিযানে’ এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয় বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, অবসরপ্রাপ্ত সৈনিক মনিরুল ইসলাম ঢাকার লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজায় বিভিন্ন দাগে মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নেন। এর মাধ্যমে তিনি জমির মালিকদের পক্ষে কাজ করার আইনি ক্ষমতা পান।

ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমির সীমানা আলাদা করা এবং জমির নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন মনিরুল।

এরপর প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও তিনি জমির সীমানা নির্ধারণের কাজ শেষ করাতে পারেননি। একপর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে দুদক বলেছে, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে মনিরুলের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন আসাদুল ইসলাম।

পরে মনিরুল বিষয়টি দুদককে জানান। ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে ধরতে ফাঁদ অভিযান চালানোর অনুরোধ করেন তিনি।

অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর মঙ্গলবার সকালে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল ‘ফাঁদ অভিযান’ চালায়।

অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আসাদুল ইসলামকে ‘হাতেনাতে আটক’ করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আসাদুল ইসলামের বিরুদ্ধে ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়ের এবং তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে বলে দুদক জানিয়েছে।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :