আজ মৌসুমীর জন্মদিন

আপলোড সময় : ০৩-১১-২০২৬ , আপডেট সময় : ০৩-১১-২০২৬

জন্মদিন মানেই আনন্দ-উৎসব, প্রিয়জনদের ভালোবাসা আর বিশেষ কিছু আয়োজন। তবে সময়ের সঙ্গে জন্মদিন উদযাপনের ভাবনায় এসেছে পরিবর্তন। একসময় যে দিনটি ঘিরে থাকত নানা স্মৃতি, আবেগ আর পারিবারিক আয়োজন, এখন সেই দিনটিই কাটাতে চান অনেকটা ঘরোয়া পরিবেশে। ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর কাছে জন্মদিনের আনন্দও এখন তেমনই। 

আজ ৩ নভেম্বর তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে যুক্তরাষ্ট্রে মা, মেয়ে ও বোনদের সঙ্গে একান্তে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁর। জন্মদিন ঘিরে বড় কোনো আয়োজন না থাকলেও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ভক্তদের ভালোবাসা তাঁকে আপ্লুত করে।

প্রায় তিন বছর ধরে ঢাকায় নেই মৌসুমী। তবে দেশের বাইরে থাকলেও তাঁর জন্মদিন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভক্তদের আয়োজনের কমতি নেই। প্রতিবছরের মতো এবারও মৌসুমী ফ্যান ক্লাবের উদ্যোগে রাজধানীর ফার্মগেটে বিশেষ আয়োজন করা হয়েছে। আজ বিকেলে অনুষ্ঠিতব্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাঁর স্বামী চিত্রনায়ক ওমর সানী। পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও থাকছে বিশেষ দোয়ার ব্যবস্থা।

জন্মদিনের আয়োজন প্রসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে মৌসুমী বলেন, ‘এখানে আসলে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই আমার। আম্মু, আমার মেয়ে এবং বোনেরা মিলে যুক্তরাষ্ট্রেই একসঙ্গে সুন্দর সময় কাটানোর চেষ্টা করব। ঘরোয়া আয়োজনের মধ্য দিয়েই সময় কাটবে। নিজেরা খাওয়াদাওয়া করব। ব্যস, এই তো। ঢাকায় থাকলে হয়তো একটু ভিন্ন কিছুর আয়োজন হতো।’

জন্মদিন উদযাপন নিয়ে নিজের উপলব্ধির কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘জন্মদিন মানে জীবন থেকে একটি বছর চলে যাওয়া। একজীবনে কত কিছুই না করার ছিল তা করতে পারিনি। ঢাকায় সানী [ওমর সানী] নানান কিছু করে, আমার ফ্যান ক্লাব থেকে দেশজুড়েই ভক্তরা অনেক কিছু করে। ভক্তদের ভালোবাসা দূর থেকেও উপভোগ করি। বেশ ভালো লাগে।’

শৈশবের জন্মদিনের স্মৃতি এখনও ভীষণ মনে পড়ে মৌসুমীর। তিনি বলেন, ‘ছোটবেলায় আব্বু আমার জন্মদিনে এতিমখানায় খাওয়াদাওয়ার ব্যবস্থা করতেন। সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের সহযোগিতা করতেন। তবে বাসায় বিশেষ কোনো উৎসবের বিষয়ে আমার বরাবরই অনাগ্রহ ছিল। আবার আম্মু অনেক রান্নাবান্না করতেন। আত্মীয়স্বজনদের ডেকে খাওয়াতে ভালোবাসতেন। সেই সময়টা আসলে খুব মিস করি।’

উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রয়াত সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয় মৌসুমীর। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন প্রয়াত সালমান শাহ। পরে তাঁর সঙ্গে ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। ওমর সানীর বিপরীতেও অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন এই নন্দিত অভিনেত্রী।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :