​ঠাকুরগাঁওয়ের মাটিতে আনারকলি চাষে সফল তরুণ উদ্যোক্তা

আপলোড সময় : ০৪-১১-২০২৬ , আপডেট সময় : ০৪-১১-২০২৬


৫ চারা থেকে ৫০ গাছ, বাণিজ্যিক সম্প্রসারণের পরিকল্পনা


তরুণ কান্তি, ঠাকুরগাঁও থেকে॥

ঠাকুরগাঁওয়ের মাটিতে বিদেশি ফল আনারকলি (প্যাশন ফ্রুট) চাষ করে সফলতা পেয়েছেন এক তরুণ উদ্যোক্তা। তাঁর সাফল্য দেখে স্থানীয় আরও অনেক তরুণ-তরুণী এ ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন। সম্ভাবনাময় এ ফলের চাষ উত্তরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করার পাশাপাশি বেকার তরুণদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতে পারে বলে মনে করছে কৃষি বিভাগ।

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার মণ্ডলাদাম গ্রামের বাসিন্দা ও সেনাসদস্য রিমুন পরীক্ষামূলকভাবে এ ফলের চাষ শুরু করেন। বাড়ির অব্যবহৃত ৮০ শতক জমিতে গড়ে তোলা তাঁর বাগানে বর্তমানে প্রায় ৫০টি গাছ রয়েছে। গাছে ভালো ফলন পাওয়ায় আগামী বছর বাণিজ্যিকভাবে চাষ সম্প্রসারণের পরিকল্পনা করছেন তিনি।

বিদেশি ফল প্যাশন ফ্রুট বাংলাদেশে অনেকের কাছে আনারকলি বা ট্যাং ফল নামে পরিচিত। দেশের চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় এ ফলের চাষ হলেও ঠাকুরগাঁওয়ের রুহিয়ার সমতল ভূমিতে এর চাষ স্থানীয়দের মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি করেছে।

রিমুন জানান, ২০২৫ সালে কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রথমবারের মতো আনারকলি ফল দেখেন এবং স্বাদ গ্রহণ করেন। ফলটির টক-মিষ্টি স্বাদ ভালো লাগায় নিজেই চাষের উদ্যোগ নেন। পরে ২০২৬ সালে কক্সবাজার থেকে তিনটি জাতের পাঁচটি চারা সংগ্রহ করে বাড়িতে রোপণ করেন। সেই পাঁচটি চারা থেকেই বর্তমানে তাঁর বাগানে প্রায় ৫০টি গাছ হয়েছে।

তিনি বলেন, গাছগুলোতে ভালো ফলন এসেছে এবং ফলের স্বাদও বেশ ভালো। প্রতিটি গাছে প্রায় এক হাজার থেকে দেড় হাজার ফল ধরতে পারে। ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের বাজারে এ ফল এখনো তেমন পরিচিত নয়। তবে চট্টগ্রাম ও কক্সবাজারে এর চাহিদা রয়েছে।

রিমুনের ভাষ্য, প্রতিটি ফল ৩০ থেকে ৪০ টাকা এবং প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রির সম্ভাবনা রয়েছে। ভালো ফলন ও বাজারমূল্য বিবেচনায় আগামী বছর আরও বেশি জমিতে বাণিজ্যিকভাবে চাষ করার পরিকল্পনা রয়েছে তাঁর।

রুহিয়ায় নতুন এ ফলের বাগান দেখতে প্রতিদিনই স্থানীয় মানুষের ভিড় বাড়ছে। অনেকেই প্রথমবারের মতো গাছে ঝুলন্ত আনারকলি ফল দেখছেন এবং এর স্বাদ নিচ্ছেন।

রামনাথ হাট এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সাইমুম পারভেজ বলেন, তিনি প্রথমবারের মতো এ ফল দেখেছেন এবং খেয়েও বেশ ভালো লেগেছে। রিমুনের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে তিনিও বাড়িতে কয়েকটি চারা রোপণের কথা ভাবছেন।

স্থানীয় আরেক বাসিন্দা বলেন, এলাকার একজন তরুণের এমন নতুন ধরনের ফল চাষের উদ্যোগ আনন্দের বিষয়। বেকার তরুণেরা কৃষিকাজে আগ্রহী হলে নিজেরাই স্বাবলম্বী হতে পারবেন।

এ বিষয়ে রুহিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলম বলেন, আনারকলি সাধারণত চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বেশি দেখা যায়। রুহিয়ার মণ্ডলাদামে রিমুন নামে এক তরুণ এ ফলের ভালো ফলন পেয়েছেন বলে তিনি জেনেছেন।

তিনি আরও বলেন, রিমুনের সঙ্গে যোগাযোগ করে বাগানটি পরিদর্শন করা হবে। পাশাপাশি এ ফলের চাষ সম্প্রসারণে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :