আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন পরীমনি

আপলোড সময় : ০৫-১১-২০২৬ , আপডেট সময় : ০৫-১১-২০২৬

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে পাঁচশ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান পরীমনি। পরে মাহফুজুর রহমানের আদালতে তাঁর মামলার শুনানি হয়।

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে চার বছর আগে সাভার থানায় মামলাটি করেন উত্তরার ঢাকা বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। গতকাল বুধবার মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি আদালতে হাজির না হয়ে তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে সময়ের আবেদন করেন। এতে আপত্তি জানিয়ে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল জামিন বাতিলের আবেদন করেন। পরে আদালত পরীমনির সময়ের আবেদন নাকচ করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।

এর আগে ২০২৫ সালের ২৬ জুন মামলাটিতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ওই দিন আদালতে হাজির না থাকায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরদিন ২৭ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

২০২১ সালের ৮ জুন রাতে পরীমনি ঢাকা বোট ক্লাবে যাওয়ার পর এ ঘটনার সূত্রপাত। কয়েক দিন পর সংবাদ সম্মেলনে পরীমনি অভিযোগ করেন, ওই রাতে তাঁকে বোট ক্লাবে ধর্ষণের চেষ্টা ও হত্যার চেষ্টা করা হয়েছিল। ১৩ জুন তিনি নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করলে নাসির গ্রেপ্তার হন। পরে জামিনে মুক্তি পান তিনি। ওই মামলার বিচার চলছে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে।

এরপর ২০২২ সালের ৬ জুলাই পরীমনির বিরুদ্ধে আদালতে মামলা করেন নাসির। তাঁর অভিযোগ, পরীমনি বোট ক্লাবে গিয়ে তাঁকে মারধর ও হুমকি দিয়েছিলেন।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :