​পত্রিকার বিক্রি ও পাঠক কমায় দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের হকাররা

আপলোড সময় : ০৫-১১-২০২৬ , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১০:০৩:২৪ অপরাহ্ন

মো: সাকিব, চাঁপাইনবাবগঞ্জ থেকে॥



স্মার্টফোন ও অনলাইন সংবাদমাধ্যমের জনপ্রিয়তা বাড়ায় দিন দিন কমছে ছাপা পত্রিকার চাহিদা। এতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদপত্র বিক্রির সঙ্গে জড়িত হকারদের আয় কমে গেছে। দীর্ঘদিন ধরে এ পেশায় যুক্ত অনেক বয়স্ক হকার এখন জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন। বিকল্প কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় বাধ্য হয়েই অনেকে পেশাটি ধরে রেখেছেন।

একসময় বাজার, চায়ের দোকান ও বাসাবাড়িতে সংবাদপত্র বিক্রেতাদের ছিল পরিচিত উপস্থিতি। কিন্তু সময়ের সঙ্গে পাঠকদের সংবাদ পড়ার অভ্যাসে পরিবর্তন এসেছে। এখন অনেকেই মুঠোফোনে অনলাইনে তাৎক্ষণিক সংবাদ পড়ছেন। ফলে কমেছে ছাপা পত্রিকার বিক্রি, কমেছে হকারদের আয়ও।

সংবাদপত্র বিক্রেতা মো. ইসমাইল হোসেন জানান, আগে মাসে তাঁর আয় ছিল ২২ থেকে ২৫ হাজার টাকা। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১২ থেকে ১৩ হাজার টাকায়। আগে প্রতিদিন ২০০ থেকে ২৫০ কপি পত্রিকা বিক্রি করলেও এখন বিক্রি করেন ১৫০ থেকে ১৬০ কপি।

চাঁপাইনবাবগঞ্জ সদরের প্রবীণ সংবাদপত্র বিক্রেতা দিলীপ কুমার টানা ৪১ বছর ধরে এ পেশায় যুক্ত। বয়স বাড়লেও জীবিকার তাগিদে প্রতিদিন সকাল ৬টায় কাজে বের হন তিনি। গ্রাহকদের কাছে পত্রিকা পৌঁছে দিতে প্রতিদিন ১০ থেকে ১২ কিলোমিটার পথ হাঁটতে হয় তাঁকে।

দীর্ঘদিনের আরেক সংবাদপত্র বিক্রেতা আবদুল কাদের বলেন, অনেক বয়স্ক হকারের বিকল্প কর্মসংস্থানের সুযোগ নেই। তাই আয় কমে গেলেও বাধ্য হয়ে তাঁদের সংবাদপত্র বিক্রি চালিয়ে যেতে হচ্ছে।

জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় সংবাদপত্র বিক্রেতারা বাড়ি, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে পত্রিকা পৌঁছে দেন।

সিনিয়র সাংবাদিক বদিউজ্জামান রাজা বাবু  বলেন, সংবাদপত্রের প্রচারসংখ্যা কমে যাওয়ায় হকারদের আয় সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ পত্রিকা সংগ্রহ, পরিবহন ও গ্রাহকের কাছে পৌঁছে দিতে তাঁদের আগের মতোই সময় ও শ্রম ব্যয় করতে হচ্ছে।

শিবগঞ্জের সংবাদপত্র বিক্রেতা আবদুর রাজ্জাক বলেন, আগে পত্রিকা দ্রুত বিক্রি হয়ে যেত। কিন্তু অনলাইন সংবাদমাধ্যমের প্রসার বাড়ায় এখন চাহিদা কমেছে। বিক্রি ও আয় কমে যাওয়ায় পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। বয়স বাড়ার সঙ্গে দীর্ঘ পথ হাঁটাও কষ্টকর হয়ে উঠেছে। কিন্তু বিকল্প আয়ের ব্যবস্থা না থাকায় এ পেশা ছাড়তে পারছেন না তিনি।

সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল সংবাদমাধ্যমের প্রসারের সঙ্গে সঙ্গে ছাপা পত্রিকার বাজারে পরিবর্তন এসেছে। তবে এই পরিবর্তনের প্রভাব পড়েছে দীর্ঘদিন ধরে সংবাদপত্র বিক্রির সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষের জীবনে। তাঁদের জীবিকা সুরক্ষা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা এখন সময়ের দাবি।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :