সমস্যা সমাধানে কাজ করছে মন্ত্রণালয়, দ্রুত চালুর আশ্বাস; সম্মানী যাচাই কমিটি পুনর্গঠনের নির্দেশ

এমআইএস সফটওয়্যারে ত্রুটি, মুক্তিযোদ্ধাদের অক্টোবরের সম্মানী আটকে আছে এখনো

আপলোড সময় : ০৭-১১-২০২৬ , আপডেট সময় : ০৭-১১-২০২৬

PHP প্রোগ্রামিং ভাষাসংক্রান্ত বৈশ্বিক প্রযুক্তিগত ত্রুটির প্রভাব পড়েছে বাংলাদেশেও। এর ফলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (এমআইএস) সফটওয়্যারে জটিলতা দেখা দিয়েছে। এতে মুক্তিযোদ্ধাদের তথ্য সংরক্ষণ ও সম্মানী বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এই পরিস্থিতিতে অক্টোবর মাসের মুক্তিযোদ্ধা সম্মানী ছাড় স্থগিত রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে ওই মাসের সম্মানীর অর্থ জমা হয়নি।

এমআইএস পোর্টাল সাময়িক বন্ধ, দুঃখ প্রকাশ মন্ত্রণালয়ের:

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুক্তিযোদ্ধাদের তথ্যভান্ডার সংরক্ষিত থাকা এমআইএস পোর্টাল (mis.molwa.gov.bd) প্রযুক্তিগত জটিলতার কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটি সমাধান এবং প্রয়োজনীয় সিস্টেম অডিট সম্পন্ন হওয়ার পর পোর্টালটি পুনরায় চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সুবিধাভোগীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাকিলুজ্জামান এ বিষয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্যের প্রতি কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ সমস্যা সমাধানে কাজ করছে।

তিনি জানান, মুক্তিযোদ্ধাদের কল্যাণে মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে। আশা করা হচ্ছে, শিগগিরই কারিগরি জটিলতা নিরসন হবে। এমআইএস সফটওয়্যার সচল হওয়ার পরপরই সম্মানীর অর্থ সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

সম্মানী যাচাই কমিটি পুনর্গঠনের নির্দেশ:

এদিকে মুক্তিযোদ্ধাদের সম্মানী বিতরণ কার্যক্রম স্বচ্ছ ও নির্বিঘ্ন রাখতে উপজেলা ও মহানগর পর্যায়ের সম্মানী যাচাই-বাছাই কমিটি জরুরি ভিত্তিতে পুনর্গঠনের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

গত ১ নভেম্বর মন্ত্রণালয়ের কল্যাণ-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাঠপর্যায়ের এসব কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, ‘মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ, ২০২০’-এর ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, মুক্তিযোদ্ধা অথবা তাঁদের সুবিধাভোগীদের দাখিল করা আবেদন যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা ও মহানগর পর্যায়ে কমিটি গঠনের বিধান রয়েছে।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিধি ও নির্দেশনা অনুসরণ করে এসব কমিটি অবিলম্বে পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়েছে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসনের নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কমিটি পুনর্গঠনের কাজ কবে নাগাদ শেষ হবে, সে বিষয়ে চিঠিতে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :