আম্পান পুনর্বাসন প্রকল্পে অনিয়মের মহোৎসব, অডিটে শত শত কোটি টাকার অসংগতি

আপলোড সময় : ০৭-১১-২০২৬ , আপডেট সময় : ০৭-১১-২০২৬

৫ হাজার ৯০৫ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের কাজ, বিল তুলে উধাও ঠিকাদার; সাবেক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা


ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো পুনর্বাসনের জন্য প্রায় ছয় হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছিল সরকার। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্য থাকলেও প্রকল্পটির বাস্তবায়ন ঘিরে উঠে এসেছে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ অপচয়ের অভিযোগ। স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে কাজ না করেই বিল উত্তোলন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অসমাপ্ত কাজের বিপরীতে অর্থ ছাড় এবং অনুমোদিত বরাদ্দের বাইরে ব্যয়ের মতো গুরুতর অসংগতি উঠে এসেছে।

অভিযোগ রয়েছে, কোথাও কাগজে-কলমে শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরো বিল তুলে নিয়েছে, অথচ বাস্তবে কাজের অর্ধেকও শেষ হয়নি। কোথাও কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর গাইডওয়াল কিংবা সড়কের প্রতিরক্ষাদেয়াল নির্মাণের পরপরই ধসে পড়েছে। আবার প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও নির্ধারিত আর্থিক বিধি উপেক্ষা করে পিরোজপুর ও বরিশাল অঞ্চলে অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগও উঠেছে।

প্রকল্পটির সাবেক পরিচালক ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে মামলা করেছে। তবে প্রকল্পের অনিয়মের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পদ অর্জনের অভিযোগের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ।

সম্ভাব্যতা যাচাই ছাড়াই প্রকল্প অনুমোদন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালে তৎকালীন সরকারের আমলে রাজনৈতিক অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্পটি গ্রহণ করা হয়। সরকারের প্রচলিত পরিকল্পনা নীতিমালা অনুযায়ী, ৫০ কোটি টাকার বেশি ব্যয়ের নতুন প্রকল্পের ক্ষেত্রে প্রাক্-সম্ভাব্যতা যাচাই অথবা সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার বিধান থাকলেও এ প্রকল্পের ক্ষেত্রে তা করা হয়নি বলে অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রকল্পের আওতায় সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ ও পুনর্বাসনের কাজ দেওয়া হয় বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কিন্তু প্রকল্পের বিভিন্ন ধাপে কাজের মান, পরিমাপ, বিল পরিশোধ এবং বাস্তবায়ন তদারকিতে গুরুতর অনিয়মের তথ্য পাওয়া গেছে।

এর একটি উদাহরণ গাইবান্ধার সাঘাটা উপজেলা। মান্দুরা বাজার থেকে ভরতখালী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শতভাগ সম্পন্ন দেখানো হলেও বাস্তবে কাজ হয়েছে মাত্র আধা কিলোমিটার। অথচ এ কাজের বিপরীতে ৫২ লাখ টাকার সম্পূর্ণ বিল পরিশোধ করা হয়েছে বলে অডিট প্রতিবেদনে উঠে এসেছে।

ছয় বছরে ব্যয় সাড়ে তিন হাজার কোটি টাকা

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে শুরু হওয়া প্রকল্পটির মূল ডিপিপিতে বরাদ্দ রাখা হয় ৫ হাজার ৯০৫ কোটি ৫৯ লাখ টাকা। ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত প্রকল্পের বিপরীতে ৩ হাজার ৫৪২ কোটি ৬১ লাখ টাকা ছাড় করা হয়েছে। এর মধ্যে মাঠপর্যায়ে প্রকৃত ব্যয় দেখানো হয়েছে ৩ হাজার ৪৭৯ কোটি ৫৩ লাখ টাকা।

প্রায় ছয় বছর ধরে বিপুল অর্থ ব্যয় হলেও প্রকল্পের বিভিন্ন কাজ অসমাপ্ত রয়েছে। অডিটে অনিয়ম ও আর্থিক অসংগতির তথ্য উঠে আসার পরও প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। বর্তমানে দেশের আট বিভাগের ৫৫ জেলার ৩৫৫টি উপজেলায় প্রকল্পটির কার্যক্রম চলমান রয়েছে।

নিম্নমানের উপকরণে দ্রুত নষ্ট হচ্ছে সড়ক

নির্মাণকাজের গুণগত মান নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে অডিট অধিদপ্তর। প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় সড়কের কার্পেটিং স্তরে প্রাক্কলিত পরিমাপের তুলনায় পাতলা এবং নিম্নমানের ইটের খোয়া ও বালু ব্যবহার করা হয়েছে। যথাযথভাবে রোলার বা ভাইব্রেটর দিয়ে কম্প্যাকশন না করায় অল্প সময়ের মধ্যেই সড়কের সিলকোট ও কার্পেটিং উঠে যাচ্ছে।

ফলে পুনর্নির্মাণের কিছুদিনের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হচ্ছে এবং বিটুমিনের স্তর ভেঙে পড়ছে। অথচ চুক্তির শর্ত অনুযায়ী, নির্মিত সড়ক ও সেতুর স্থায়িত্ব কমপক্ষে তিন বছর নিশ্চিত করার কথা।

এ ছাড়া নির্মাণকাজ শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্থানে সেতুর গাইডওয়াল ও প্রতিরক্ষাদেয়াল ধসে পড়ার ঘটনাও ঘটেছে। এতে কাজের মান নিয়ন্ত্রণ ও প্রকৌশলগত তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

৪৮৮টি স্কিমের কাজ শুরু হয়নি

অডিট পর্যালোচনায় প্রকল্পটির বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক দুর্বলতার চিত্রও উঠে এসেছে। প্রতিবেদনে ১৪টি অডিট আপত্তি অনিষ্পন্ন থাকার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ২২ শতাংশ স্কিমের বাস্তবায়নে বিলম্বের তথ্য পাওয়া গেছে।

প্রকল্পের আওতায় ৪৮৮টি স্কিমের কাজ এখনো শুরু করা যায়নি। এসব স্কিমের উল্লেখযোগ্য অংশে সড়ক ও কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শত শত স্কিমের বিভিন্ন পর্যায়ের কাজ আংশিক সম্পন্ন অবস্থায় পড়ে আছে।

অন্যদিকে, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদনে অর্থ ছাড় ও ব্যয়ের ধীরগতি, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা এবং প্রকল্প বাস্তবায়ন কমিটি ও স্টিয়ারিং কমিটির সভা নিয়মিত না হওয়ার বিষয়গুলোকে বড় ধরনের ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অসমাপ্ত সেতু, ধসে পড়ছে প্রতিরক্ষাদেয়াল

প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকায় নির্মাণকাজের অনিয়মের একাধিক উদাহরণ পাওয়া গেছে। কুমিল্লার নাঙ্গলকোটে প্রায় ২ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের কাজ অসমাপ্ত রাখায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সামস ইঞ্জিনিয়ারিংকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির দরপত্র বাতিল করা হয়েছে।

বরিশাল ও রংপুরের বিভিন্ন সড়ক সংস্কারকাজেও নির্ধারিত সময় পার হওয়ার পর কাজ অসম্পূর্ণ রাখা এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। গাইবান্ধা ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় নবনির্মিত সড়ক ও সেতুর গাইডওয়াল ধসে পড়ার ঘটনাও নির্মাণকাজের তদারকি নিয়ে প্রশ্ন তুলেছে।

কুড়িগ্রামের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য নদীর তীব্র স্রোতকে দায়ী করেছেন। তিনি দ্রুত পাইলিংয়ের মাধ্যমে প্রতিরক্ষাদেয়াল মেরামতের আশ্বাস দিয়েছেন। তবে নির্মাণকাজের মান নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ রয়েছে।

অনুমোদনের বাইরে অতিরিক্ত ব্যয়ের অভিযোগ

প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। অডিট-সংশ্লিষ্ট তথ্যে পিরোজপুর ও বরিশাল অঞ্চলে পরিকল্পনা কমিশনের পূর্বানুমোদন ছাড়াই অতিরিক্ত অর্থ ছাড় ও ব্যয়ের অভিযোগ পাওয়া গেছে। বিগত অর্থবছরগুলোতে এভাবে ১২৪ কোটি ৩৩ লাখ টাকা অতিরিক্ত ছাড় ও ব্যয় করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

প্রকল্পের বিভিন্ন পর্যায়ে অর্থ ব্যয়ের অনুমোদন, ডিপিপির শর্ত অনুসরণ এবং অতিরিক্ত ব্যয়ের যৌক্তিকতা নিয়েও তদন্তের দাবি উঠেছে। অভিযোগ রয়েছে, কোথাও কোথাও প্রয়োজনীয়তা যথাযথভাবে যাচাই না করেই সেতু ও কালভার্ট নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এতে সরকারি অর্থের অপচয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

সাবেক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকল্পটির সাবেক পরিচালক মো. রফিকুল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক পৃথক দুটি মামলা করেছে। অভিযোগ অনুযায়ী, তিনি ঢাকার জাপান গার্ডেন সিটিতে একটি ফ্ল্যাট কেনাসহ ১ কোটি ৩৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ঘটনায় তাঁর পাশাপাশি তাঁর স্ত্রী মোসাম্মৎ কানিজ ফাতেমাকেও মামলার আসামি করা হয়েছে।

অন্যদিকে, বর্তমান প্রকল্প পরিচালক আহসান কবির অডিট আপত্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, প্রশাসনিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে অপ্রয়োজনীয় অডিট করা হচ্ছে। একই সঙ্গে তিনি প্রকল্পের সামগ্রিক অগ্রগতি ও বিভিন্ন এলাকার বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন।

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিশেষজ্ঞের

প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য নেওয়া প্রকল্পে কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এসব অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

বিশেষজ্ঞদের মতে, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করা, নির্মাণকাজের গুণগত মান যাচাই এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় বিপুল সরকারি অর্থ ব্যয়ের পরও ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ টেকসই অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত হবেন।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :