বিতর্কিত জামানুর কিভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন, নানা প্রশ্ন

আপলোড সময় : ০৭-১১-২০২৬ , আপডেট সময় : ০৭-১১-২০২৬
 
রাজনৈতিক প্রভাব, পদোন্নতি ও দুর্নীতির অভিযোগ; তরুণীকে মানসিক হাসপাতালে আটকে রাখার ঘটনায় পিবিআই তদন্তের দাবি


জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্বে থাকা মো. জামানুর রহমানকে ঘিরে পুরোনো নানা অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পদোন্নতি, ক্ষমতার অপব্যবহার, ঠিকাদারি কাজে অনিয়ম, দুর্নীতি এবং এক তরুণীকে জোরপূর্বক মানসিক হাসপাতালে আটকে রাখার মতো গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের পাশাপাশি অতীতে রাজনৈতিক প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতা এবং ক্ষমতার পালাবদলের পর অবস্থান পরিবর্তনের বিষয়টিও আলোচনায় এসেছে।

বিভিন্ন সূত্রের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে অধিদপ্তরে প্রভাব বিস্তার করেছিলেন জামানুর রহমান। তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ যথাযথভাবে তদন্ত না করে ধামাচাপা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। এমন একজন কর্মকর্তাকে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ এই অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, কুষ্টিয়ায় নিজ বাড়ি এবং মেহেরপুরে শ্বশুরবাড়ি হওয়ার সুবাদে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কয়েকজন প্রভাবশালী মন্ত্রী ও নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে তাঁর বিশেষ যোগাযোগ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে।

পঞ্চম গ্রেডের কর্মকর্তা হয়েও চতুর্থ গ্রেডের বেতন-ভাতা গ্রহণ এবং রাজনৈতিক সুপারিশে পূর্ববর্তী তারিখ থেকে পদোন্নতি নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। খুলনা সার্কেলে টানা পাঁচ বছর দায়িত্ব পালনকালে ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণে একটি সিন্ডিকেট গড়ে তোলার এবং নিম্নমানের কাজের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটন প্রয়োজন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর অবস্থান পরিবর্তনের অভিযোগ:

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জামানুর রহমান নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। অতীতে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কর্মকর্তা পরবর্তী সময়ে নিজেকে আওয়ামী লীগবিরোধী এবং বিএনপিপন্থী হিসেবে পরিচয় দিতে শুরু করেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি।

অভিযোগ রয়েছে, অতীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের ডালি নিয়ে শ্রদ্ধা জানানো এবং আওয়ামী লীগ-ঘনিষ্ঠদের মাধ্যমে ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা ছিল। কুষ্টিয়া ও খুলনা সার্কেলে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে ভিন্নমত পোষণকারী কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের হয়রানি, মানসিক নির্যাতন এবং শাস্তিমূলক বদলির অভিযোগও রয়েছে।

তরুণীকে মানসিক হাসপাতালে আটকে রাখার অভিযোগ:

জামানুর রহমানকে ঘিরে সবচেয়ে গুরুতর অভিযোগটি ২০২৩ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই তরুণী প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে মানসিক ভারসাম্যহীন সাজিয়ে পাবনা মানসিক হাসপাতালে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওই তরুণীকে শিকলবন্দি অবস্থায় হাসপাতালে রাখা হয়। পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে ফোন পেয়ে তাঁর স্বামী আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে তাঁকে উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে জামানুর রহমানের সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে বলে অভিযোগকারী পক্ষ দাবি করেছে। তবে তদন্ত প্রতিবেদনের পূর্ণাঙ্গ তথ্য, আদালতের আদেশ এবং মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যায়নি।

সাময়িক বরখাস্ত, পরে আদেশ বাতিলের অভিযোগ:

এ ঘটনায় জামানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল বলে জানা গেছে। পরে প্রভাবশালী রাজনৈতিক মহলের তদবিরে সেই বরখাস্তের আদেশ বাতিল করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দেওয়া তিন পৃষ্ঠার একটি অভিযোগপত্রে তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে অনিয়ম, দুর্নীতি এবং নারী নির্যাতনের বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ছাড়া সাময়িক বরখাস্ত থাকাকালে জীবনধারণ ভাতা ছাড়া অন্য কোনো আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ না থাকলেও তিনি ভবিষ্যৎ তহবিল থেকে ৩৭ লাখ টাকা উত্তোলন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ অর্থ উত্তোলনের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়ে রয়েছে প্রশ্ন।

প্রশাসনিক দায়িত্ব নিয়ে প্রশ্ন:

একাধিক গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও জামানুর রহমান কীভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগগুলোর বিষয়ে মন্ত্রণালয় ও অধিদপ্তরের পক্ষ থেকে কার্যকর তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বক্তব্যের জন্য একাধিকবার ফোন করলেও জামানুর রহমান ফোন রিসিভ করেন নি।

 

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :