উপবাসে ১৯১ জনের মৃত্যু

কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আপলোড সময় : ০৭-১১-২০২৬ , আপডেট সময় : ০৭-১১-২০২৬

‘যিশুর দেখা পেতে’ অনুসারীদের উপবাসে বাধ্য করে ১৯১ জনের মৃত্যুর ঘটনায় কেনিয়ার একটি ধর্মীয় গোষ্ঠীর প্রধান পল ম্যাকেনজিকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। নিহতদের মধ্যে একজন ছাড়া সবাই শিশু। একই মামলায় তার ২৮ সহযোগীকেও বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ১৬০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার বিচারক ডায়ানা মোচাচে এ রায় ঘোষণা করেন। আদালত বলেন, অনুসারীদের অনাহারে মৃত্যুর নির্দেশ দেওয়ার মূল দায় ম্যাকেনজির। এমন নৃশংস অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দিতেই এ সাজা দেওয়া হয়েছে।

হত্যার দায়ে ম্যাকেনজিকে ১০০ বছর এবং অনাহারে রাখার অপরাধে আরও ১০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে সর্বোচ্চ ১০০ বছর কারাভোগ করতে হবে। তার সহযোগীদের মধ্যে ছিল উপবাসের নির্দেশ কার্যকর করতে পাহারায় থাকা ব্যক্তি এবং মরদেহ গুমের কাজে জড়িত লোকজন।

মামলার প্রসিকিউশন আসামিদের মৃত্যুদণ্ড চাইলেও আদালত সেই সাজা দেননি। বিচারকের মতে, মৃত্যুদণ্ড দিলে অপরাধীদের সংশোধনের সুযোগ থাকে না।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, অনুসারীরা ম্যাকেনজিকে ‘যিশুর কণ্ঠস্বর’ মনে করত। তার নির্দেশ অমান্য করলে তাদের মারধর করা হতো। এমনকি যারা উপবাস করতে চাইত না, তাদেরও নির্যাতন করা হতো। মরদেহ বনে পুঁতে রাখাকে তারা ‘যিশুর সঙ্গে বিয়ে’ বলে প্রচার করত।

ময়নাতদন্তে দেখা গেছে, অধিকাংশ শিশুর মৃত্যু হয়েছে দীর্ঘদিন অনাহারে থাকার কারণে। কয়েকটি মরদেহে শ্বাসরোধ ও মাথায় গুরুতর আঘাতের চিহ্নও পাওয়া গেছে।

২০২৩ সালে কেনিয়ার উপকূলীয় শাকাহোলা বনের গণকবর থেকে চার শতাধিক মরদেহ উদ্ধারের পর ম্যাকেনজিকে গ্রেপ্তার করা হয়। তবে এ মামলায় ১৯১ জনের মৃত্যুর ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

ম্যাকেনজি ২০০৩ সালে ‘গুড নিউজ ইন্টারন্যাশনাল মিনিস্ট্রিজ’ নামে ধর্মীয় গোষ্ঠীটি প্রতিষ্ঠা করেন। তিনি আধুনিক শিক্ষাকে ‘শয়তানের ফাঁদ’ এবং চিকিৎসাসেবা গ্রহণকে ধর্মবিরোধী বলে প্রচার করতেন। ২০১৯ সালে গির্জা বন্ধ করে অনুসারীদের নিয়ে শাকাহোলা বনে আস্তানা গড়েন।

তবে ম্যাকেনজির বিরুদ্ধে অনিচ্ছাকৃত নরহত্যা ও সন্ত্রাসবাদের পৃথক অভিযোগে বিচার এখনো চলছে। এসব অভিযোগেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

সূত্র: বিবিসি, রয়টার্স

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :