​নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ

আপলোড সময় : ০৮-১১-২০২৬ , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০১:০৫:৪৬ অপরাহ্ন

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠিয়েছেন।

রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর নোটিশটি পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমণিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, হুমকি, অশালীন অভিনয় ও অঙ্গভঙ্গি এবং শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই—এমন নগ্ন বা অর্ধনগ্ন নৃত্যসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে পরীমণিকে কারণ দর্শানোর নোটিশ দিতে এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। নির্ধারিত সময়ে এসব পদক্ষেপ নেওয়া না হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে নোটিশে।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে পরীমণির বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। পরীমণি ও তার দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের দাবি, ভিডিও ধারণের সময় পরীমণি তার মুঠোফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোন ফেরত নেন।    

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণির একটি পোস্ট নিয়েও সমালোচনা শুরু হয়। আদালত থেকে বের হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি শব্দের একটি আপত্তিকর ও আক্রমণাত্মক পোস্ট দেন তিনি। পোস্টটি কাকে উদ্দেশ করে দেওয়া হয়েছিল, তা স্পষ্ট ছিল না। তবে এক ঘণ্টার মধ্যে এতে হাজার হাজার প্রতিক্রিয়া পড়ে। মন্তব্যের ঘর বন্ধ থাকায় অনুসারীরা সেখানে সরাসরি মন্তব্য করতে পারেননি। 

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :