​বুড়িগঙ্গার সব প্লাস্টিক বর্জ্য সরাতে নির্দেশ হাইকোর্টের

আপলোড সময় : ০৮-১১-২০২৬ , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৫:২৮:০৯ অপরাহ্ন

বুড়িগঙ্গা নদীর লালবাগ ও কামরাঙ্গীরচরের ইসলামবাগ এলাকার তীর থেকে সব প্লাস্টিক বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভবিষ্যতে সেখানে বর্জ্য ফেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে।

রোববার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

বুড়িগঙ্গার পানি দূষণ বন্ধে ২০১০ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কয়েকটি নির্দেশনা দেন। পরে বাদীপক্ষের সম্পূরক আবেদনের পর গত ২ সেপ্টেম্বর আদালত লালবাগ ও কামরাঙ্গীরচরের ইসলামবাগ এলাকায় নদীর তীর থেকে প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য অপসারণের নির্দেশ দেন।

রোববার শুনানিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আদালতে একটি প্রতিবেদন দাখিল করে। এতে প্রায় ৩০০ টন বর্জ্য অপসারণের কথা জানানো হয়। তবে এলাকার সব বর্জ্য অপসারণ করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য ছিল না।

আদালতের আগের নির্দেশনায় নদীর তীর থেকে সব বর্জ্য অপসারণের পাশাপাশি ভবিষ্যতে বর্জ্য ফেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।

শুনানিতে এইচআরপিবির পক্ষে বলা হয়, আদালতের নির্দেশনা অনুযায়ী সব বর্জ্য অপসারণ করা হয়েছে কি না, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। ভবিষ্যতে বর্জ্য ফেলা বন্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়েও কোনো তথ্য নেই। তাই প্রতিবেদনটি গ্রহণযোগ্য নয়।

শুনানি শেষে আদালত বিআইডব্লিউটিএ ও বিবাদীদের সব প্লাস্টিক বর্জ্য অপসারণ এবং ভবিষ্যতে বর্জ্য ফেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়। একই সঙ্গে বিবাদীদের দাখিল করা প্রতিবেদন গ্রহণ না করে নথিভুক্ত করার আদেশ দেন আদালত।

বিবাদীদের মধ্যে রয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ঢাকা জেলা প্রশাসকসহ ১৩ জন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :