পদ্মা, মেঘনার মুনাফা বাড়লেও যমুনা অয়েলের কমেছে ৩৪ শতাংশ

আপলোড সময় : ০৯-১১-২০২৬ , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৩:০১:২৯ অপরাহ্ন

ঋণাত্মক নগদ প্রবাহ ও লভ্যাংশ হ্রাসে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন; জ্বালানি তেল চুরি, পাচার ও ভেজালের অভিযোগ তদন্তের দাবি

রাষ্ট্রায়ত্ত দুই জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম ও পদ্মা অয়েল কোম্পানির মুনাফা বাড়লেও ২০২৫-২৬ অর্থবছরে (এফওয়াই২৬) উল্লেখযোগ্যভাবে কমেছে যমুনা অয়েল কোম্পানির আয়। 

একই সময়ে প্রতিষ্ঠানটির পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক হয়ে পড়েছে এবং নগদ লভ্যাংশের হারও কমেছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক আর্থিক ফলাফলের বিপরীতে যমুনা অয়েলের এই পরিস্থিতি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা, আর্থিক নিয়ন্ত্রণ ও পরিচালন কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সম্প্রতি প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্যে (পিএসআই) যমুনা অয়েল জানিয়েছে, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে তাদের নিট মুনাফা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ কমে ৪২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।

মুনাফা কমে যাওয়ার প্রভাব পড়েছে শেয়ারপ্রতি আয়েও (ইপিএস)। ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির ইপিএস কমে ৩৮ টাকা ৫২ পয়সা হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৫৮ টাকা ৭০ পয়সা।

তবে আরও উদ্বেগজনক চিত্র দেখা গেছে প্রতিষ্ঠানটির পরিচালন নগদ প্রবাহে। শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) আগের বছরের ৬৪ টাকা ৩৭ পয়সা থেকে কমে ঋণাত্মক ২৭৮ টাকা ৮০ পয়সায় নেমেছে। অর্থাৎ নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম থেকে যে পরিমাণ নগদ অর্থ আসছে, তার চেয়ে বেশি অর্থ ব্যয় হচ্ছে। প্রতিষ্ঠানটি নিজেও নগদ অর্থের সংকটের কথা জানিয়েছে। তাদের ভাষ্য, নগদ অর্থের প্রবাহের তুলনায় ব্যয় বেশি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে যমুনা অয়েলের পরিচালনা পর্ষদ। আগের অর্থবছরে প্রতিষ্ঠানটি ১৮০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল। অর্থাৎ মুনাফা কমার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের হারও কমেছে।

অন্যদিকে একই সময়ে মেঘনা পেট্রোলিয়াম ও পদ্মা অয়েল কোম্পানির আর্থিক ফলাফলে প্রবৃদ্ধি দেখা গেছে।

মেঘনা পেট্রোলিয়ামের মুনাফা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৬৩ টাকা ৩২ পয়সা, যা আগের বছর ছিল ৬১ টাকা ৩৯ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ১০৯ টাকা ৪৭ পয়সা থেকে বেড়ে ১৬৪ টাকা ৪ পয়সা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে, যা আগের বছরের ২০০ শতাংশের চেয়ে বেশি।

পদ্মা অয়েল কোম্পানির মুনাফা বেড়েছে ২১ শতাংশ। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ৫৭ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ৬৯ টাকা ৪৭ পয়সা হয়েছে। একই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ৩৯ টাকা ৮৩ পয়সা থেকে বেড়ে ৬৩ টাকা ৭২ পয়সায় দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে, যা আগের বছরের ১৬০ শতাংশের চেয়ে বেশি।

তিনটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলের এই বৈপরীত্যের মধ্যে যমুনা অয়েলের ব্যবস্থাপনা ও পরিচালন কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। বিশেষ করে প্রতিষ্ঠানটির বিভিন্ন ডিপোতে জ্বালানি তেল চুরি, পাচার, ভেজাল এবং অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।

ডিপো ঘিরে ভেজালের অভিযোগ, আলোচনায় কর্মকর্তা সাদেকিন:

যমুনা অয়েলের কয়েকজন অসাধু কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে জ্বালানি তেল চুরি, পাচার এবং ভেজালের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে বিশেষভাবে আলোচনায় এসেছেন প্রতিষ্ঠানটির খুলনার দৌলতপুর ডিপোতে উপব্যবস্থাপক হিসেবে কর্মরত আবুল ফজল মো. সাদেকিন।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে জ্বালানি তেল, বিশেষ করে অকটেন ভেজালের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, খুলনা অঞ্চলের কয়েকজন অসাধু ফিলিং স্টেশন মালিকের সঙ্গে যোগসাজশে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে তিনি এ ধরনের অনিয়মে জড়িত। 

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ডিপোগুলোতে আধুনিক পরীক্ষাগার ও পর্যাপ্ত মাননিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় জ্বালানি তেলের গুণগত মান যাচাই অনেক ক্ষেত্রে যথাযথভাবে হচ্ছে না। পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পর্যাপ্ত নজরদারির অভাবও অনিয়মের সুযোগ তৈরি করছে বলে অভিযোগ রয়েছে।

তাদের মতে, ডিপো পর্যায়ে জ্বালানি তেলের মজুত, সরবরাহ, বিতরণ ও গুণগত মান পরীক্ষায় কার্যকর তদারকি নিশ্চিত না হলে ভেজাল ও অন্যান্য অনিয়ম শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এতে একদিকে ভোক্তারা নিম্নমানের জ্বালানি ব্যবহারের ঝুঁকিতে পড়েন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সুনাম ও আর্থিক স্বার্থও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরও অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের তদন্ত বা ব্যবস্থা নিয়েছে, তা নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।


সংশ্লিষ্টদের মতে, যমুনা অয়েলের আর্থিক অবনতির কারণ চিহ্নিত করতে শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা, ডিপো ব্যবস্থাপনা, জ্বালানি তেলের গুণগত মান নিশ্চিতকরণ এবং বিতরণব্যবস্থার কার্যকারিতাও তদন্তের আওতায় আনা জরুরি।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :