ডলারের দর ১২৪ টাকা ৭৫ পয়সা, বাণিজ্য ঘাটতি ৭৮২ কোটি ডলার; রমজানের ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকিসুবিধা
বিশ্ববাজারে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ আমদানি চাহিদা বাড়ায় দেশের বৈদেশিক বাণিজ্যে চাপ তৈরি হচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বিভিন্ন পণ্য আমদানির জন্য ২ হাজার ৯৭৮ কোটি ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৫ শতাংশ বেশি। একই সময়ে এলসি নিষ্পত্তির পরিমাণ ১১ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ২ হাজার ৪৮৬ কোটি ডলারে দাঁড়িয়েছে।
আমদানি দায় পরিশোধের চাপের পাশাপাশি বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের চাহিদা বাড়ায় এর দরও ঊর্ধ্বমুখী হয়েছে। গতকাল আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলার সর্বোচ্চ ১২৪ টাকা ৭৫ পয়সা দরে লেনদেন হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশের রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৭০৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৯৬ কোটি ডলার বা ৫ দশমিক ৯৭ শতাংশ বেশি। তবে এলসি নিষ্পত্তির পরিমাণকে আমদানি ব্যয়ের ভিত্তি ধরে হিসাব করলে এ সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৮২ কোটি ডলার। সাধারণত এলসি নিষ্পত্তির তুলনায় প্রকৃত আমদানির পরিমাণ কিছুটা বেশি হয়। ফলে চূড়ান্ত হিসাবের পর ঘাটতি ৮০০ কোটি ডলার ছাড়াতে পারে। আগের তিন মাসে বাণিজ্য ঘাটতি ছিল ৭৪৭ কোটি ডলার।
অন্যদিকে, রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা ১ হাজার ১৪৬ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১২ দশমিক ৯৭ শতাংশ বেশি। রপ্তানি আয় ও রেমিট্যান্সে প্রবৃদ্ধি থাকলেও আমদানি দায় পরিশোধের চাহিদা বাড়ায় ডলারের বাজারে চাপ কমছে না।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরে ৫৯৫ কোটি ডলারের আমদানি দায় নিষ্পত্তি হয়েছে। সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল ৬৪৫ কোটি ডলার। এর আগে আগস্টে ৬১৯ কোটি এবং জুলাইয়ে ৬২৮ কোটি ডলারের এলসি নিষ্পত্তি হয়। অন্যদিকে, অক্টোবরে ৭৩২ কোটি ডলারের এলসি খোলা হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৮৫২ কোটি ডলার।
ব্যাংকাররা জানান, বৈদেশিক মুদ্রার বাজারে সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় ডলারের দর বাড়ছে। গতকাল আন্তঃব্যাংক বাজারে ডলারের গড় দর ছিল ১২৪ টাকা ৬৫ পয়সা, আগের দিন যা ছিল ১২৪ টাকা ৪২ পয়সা। গত ১ নভেম্বর দর ছিল ১২৪ টাকা ৩০ পয়সা।
চলতি বছরের অক্টোবরের শুরুতে আন্তঃব্যাংক বাজারে ডলারের দর ছিল ১২৩ টাকা। মাসের শেষ কর্মদিবসে তা বেড়ে ১২৩ টাকা ৯৯ পয়সায় দাঁড়ায়। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় বছর ডলারের দর ১২১ থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে সীমিত ছিল। তবে চলতি বছরের মার্চ থেকে ধীরে ধীরে বাড়তে থাকে।
বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে দীর্ঘ বিরতির পর সম্প্রতি কয়েকটি ব্যাংকের কাছে ২২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই কেন্দ্রীয় ব্যাংকের বড় অঙ্কের ডলার বিক্রির ঘটনা।
এর আগে বৈদেশিক মুদ্রার বাজারে চাপ সামাল দিতে বিপুল পরিমাণ ডলার বিক্রির ফলে ২০২১ সালের আগস্টে দেশের রিজার্ভ কমে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমেছিল। পরবর্তী সময়ে তা বাড়তে বাড়তে গত ২৯ জুন ৩৭ বিলিয়ন ডলার ছাড়ায়। জুলাইয়ের প্রথম সপ্তাহে রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে পরে তা কমে গতকাল গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ১৩ বিলিয়ন ডলার।
এদিকে, প্রথম চার মাসের আমদানির পূর্ণাঙ্গ তথ্য এখনও চূড়ান্ত করেনি বাংলাদেশ ব্যাংক। তবে প্রথম তিন মাসের পণ্যভিত্তিক তথ্যে জ্বালানি ও ভোগ্যপণ্যের আমদানি ব্যয় বৃদ্ধির চিত্র পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৪২২ কোটি ডলার, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১০৫ শতাংশ বেশি। ভোগ্যপণ্য আমদানির ব্যয় ২৬ দশমিক ৫০ শতাংশ বেড়ে ১৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে একই সময়ে মূলধনি পণ্য আমদানি ১৩ দশমিক ৬০ শতাংশ কমে ২৪৬ কোটি ডলারে নেমেছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সৃষ্ট ভূরাজনৈতিক উত্তেজনাও জ্বালানি বাজারে অস্থিরতা বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে। এতে জ্বালানি আমদানির ব্যয় এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।
রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকিসুবিধা
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যচাপ কমাতে ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে (ইউজেন্স) আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ সুবিধার আওতায় আমদানিকারকরা পণ্য দেশে আনার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন। এর আগে গত রোববার এক নির্দেশনায় এসব পণ্যের এলসি মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
সুবিধাপ্রাপ্ত পণ্যগুলো হলো চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর। সাপ্লায়ার্স ক্রেডিট অথবা বায়ার্স ক্রেডিটের মাধ্যমে এসব পণ্য আমদানি করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের লক্ষ্য রমজানের আগে প্রয়োজনীয় খাদ্যপণ্যের আমদানি সহজ করা, সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং বাজারে অতিরিক্ত মূল্যচাপ এড়ানো। তবে এ সুবিধার সুফল ভোক্তাদের কাছে পৌঁছাতে আমদানি, মজুত ও বাজারজাতকরণ কার্যক্রমের ওপর যথাযথ নজরদারিও গুরুত্বপূর্ণ।