​চেক প্রত্যাখ্যানের অভিযোগে অনন্ত জলিল ও তাঁর স্ত্রীকে এমটিবির আইনি নোটিশ

আপলোড সময় : ১২-১১-২০২৬ , আপডেট সময় : ১২-১১-২০২৬

৯২ কোটি টাকার বেশি পরিশোধে এবি অ্যাপারেলসকে ৩০ দিনের সময় দিয়েছে ব্যাংক

এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান এম এ জলিল অনন্ত এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও তাঁর স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

পুনঃতফসিল করা ঋণের আংশিক কিস্তি পরিশোধের জন্য দেওয়া ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক পর্যাপ্ত তহবিল না থাকায় প্রত্যাখ্যাত (ডিজঅনার) হওয়ার পর এই নোটিশ পাঠানো হয়।

উল্লেখ্য, এম এ জলিল অনন্ত ঢাকাই চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিত।

গত ৫ নভেম্বর একটি সংবাদপত্রে প্রকাশিত এমটিবির ওই নোটিশটি ব্যাংকের পান্থপথ শাখার পক্ষ থেকে প্যানেল আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চুর মাধ্যমে জারি করা হয়।

নোটিশ অনুযায়ী, বেসরকারি খাতের এই ব্যাংকটি ২০২৪ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠানটির ২৬৭ কোটি টাকার মেয়াদি ঋণ পুনঃতফসিল (রিশিডিউল) করেছিল, যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করার কথা ছিল। কিন্তু ঋণগ্রহীতারা পরবর্তীতে ঋণ পুনঃতফসিলের শর্তাবলি ভঙ্গ করেন।

নোটিশে বলা হয়েছে, ঋণের আংশিক পরিশোধ হিসেবে অনন্ত জলিল ২০২৬ সালের ১৮ অক্টোবর তারিখে ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেকে স্বাক্ষর করেন। ব্যাংক কর্তৃপক্ষ গত ২ নভেম্বর বগুড়া শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটির হিসাবে চেকটি জমা দিলে পর্যাপ্ত তহবিল না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। একই দিনে বগুড়া শাখা থেকে চেক ডিজঅনার মেমো ইস্যু করা হয়।

নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধের জন্য তাদের নির্দেশ দিয়েছে ব্যাংক। অন্যথায় ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা দায়েরসহ অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করবে এবং এর যাবতীয় খরচ ঋণগ্রহীতাদেরই বহন করতে হবে।

এছাড়া প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফোনে এবং সরাসরি সাক্ষাতে বকেয়া অর্থ পরিশোধের বিষয়ে বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এবং এই প্রতিবেদকের হাতে নোটিশটির একটি কপিও এসেছে। এ বিষয়ে বক্তব্যের জন্য অনন্ত জলিলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :