কেবল চীনা ‘গুপ্তচরই’ নয়, এবার নিজের প্রতিষ্ঠানের এক নারী কর্মীর সঙ্গেও এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) বিবাহ বহির্ভূত সম্পর্কের তথ্য সামনে এসেছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং চীনের নাগরিক ও একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিলেন। একই সময়ে তিনি এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গেও পরকীয়ার সম্পর্ক চালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় ৪৮ বছর বয়সী পাওয়েল সরাসরি জেনসেন হুয়াংয়ের অধীনে কাজ করেন। হুয়াংয়ের অধীনে সরাসরি কর্মরত ৬০ জন কর্মকর্তার একজন তিনি। এই সম্পর্কের বিষয়টি আগে প্রকাশ্যে আসেনি।
এনভিডিয়ার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে প্রতিষ্ঠানটিতে যোগ দেন পাওয়েল। তিনি বর্তমানে বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা ব্যবসা পরিচালনা করেন। এর মধ্যে রয়েছে দ্রুতগতির কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও দৃশ্যায়ন প্রযুক্তির হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্ল্যাটফর্ম। এসব প্রযুক্তি চিকিৎসা-চিত্রায়ণ যন্ত্র, জীবনবিজ্ঞান, ওষুধ আবিষ্কার এবং স্বাস্থ্যসেবা বিশ্লেষণসংক্রান্ত কার্যক্রমে ব্যবহৃত হয়।
এর আগে এনভিডিয়ার উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক ব্যবসা পরিচালনার দায়িত্বে ছিলেন পাওয়েল। পাশাপাশি কৌশলগত প্রচার কর্মসূচি, এনভিডিয়া এআই ল্যাবস এবং এনভিডিয়া ইনসেপশন কর্মসূচিও তার তত্ত্বাবধানে ছিল।
পেশাগত সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া তথ্য অনুযায়ী, ধাপে ধাপে পদোন্নতি পেয়ে এনভিডিয়ার শীর্ষ পর্যায়ের অন্যতম কর্মকর্তা হন পাওয়েল। চিকিৎসা ক্ষেত্রে এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিটকে (জিপিইউ) দ্রুতগতির কম্পিউটিং প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে তিনি প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছিলেন। ২০১৬ সালে তাকে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক ব্যবসা উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক করা হয়। ২০১৭ সালের শেষ দিকে তিনি স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তিবিষয়ক সম্মেলনে অংশ নিয়ে এনভিডিয়ার পক্ষে বক্তব্য দিতেন পাওয়েল। গত মার্চে ক্যালিফোর্নিয়ার সান হোসেতে এনভিডিয়ার বার্ষিক প্রযুক্তি উন্নয়নকারী সম্মেলনে অংশ নেন তিনি। সেখানে স্বাস্থ্যসেবা ও জীববিজ্ঞানে যুগান্তকারী অগ্রগতি আনতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বক্তব্য দেন। তার উপস্থাপনায় জেনসেন হুয়াংয়ের কার্টুনচিত্রও ব্যবহার করা হয়েছিল।
সম্মেলন চলাকালে কাছের একটি হোটেলে এনভিডিয়ার কর্মকর্তারা অবস্থান করছিলেন। সেখানে ৬৩ বছর বয়সী হুয়াং ও পাওয়েলকে ঘনিষ্ঠ আচরণ করতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনার সময় উপস্থিত এক ব্যক্তি তাদের আচরণের দৃশ্য ক্যামেরায়ও ধারণ করেন। হুয়াংয়ের নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে আটক করেন এবং তার কাছ থেকে গোপনীয়তা রক্ষার চুক্তিতে সই নেওয়া হয় বলে নিউইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট তিন ব্যক্তি।
জানা গেছে, ব্যক্তি জীবনে জেনসেন হুয়াং ও কিম্বারলি পাওয়েল দুজনই বিবাহিত এবং তাদের জীবনসঙ্গী রয়েছেন।
এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে পাওয়েল ১৯৯৯ সালের জানুয়ারি থেকে ২০০৩ সালের এপ্রিল পর্যন্ত ডোম ইমেজিং সিস্টেমসে হার্ডওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করেন। পরে তিনি প্ল্যানার সিস্টেমস ইনকরপোরেটেডের চিকিৎসাবিষয়ক ব্যবসা বিভাগে পাঁচ বছরের কিছু বেশি সময় কর্মরত ছিলেন।
এর আগে সিঙ্গাপুরভিত্তিক তথ্যকেন্দ্র প্রতিষ্ঠান মেগাস্পিডের জ্যেষ্ঠ নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে আসে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ ও ২০২৫ সালে তাইপেতে তাদের ঘনিষ্ঠ হওয়ার ছবি তোলা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রচারিত একটি স্মারকলিপিতে অভিযোগ করা হয়, অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করেন। তিনি চীনের গোয়েন্দা সংস্থার একজন সহযোগী বলেও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তথ্য পেয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়।
গত রোববার এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় জেনসেন হুয়াং অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন। তিনি জানান, একই বংশীয় পদবি থাকলেও তাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই। বার্তায় হুয়াং স্বীকার করেন, ‘আমি আমার স্ত্রীর বিশ্বাস ভঙ্গ করেছি।’
নিজের কাজের সম্পূর্ণ দায় স্বীকার করে তিনি বলেন, এ ঘটনায় তার স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছেন। এর কোনো অজুহাত নেই। তিনি গভীরভাবে অনুতপ্ত।
এদিকে পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশের পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে সংশ্লিষ্টদের উদ্ধৃত করে বলা হয়, স্থানীয় সময় বুধবারের মধ্যেই প্রযুক্তিপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দ্রুত সম্প্রসারণের মধ্যে এনভিডিয়ার শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গেছে হুয়াংকে। গত মাসেও রিপাবলিকান প্রেসিডেন্টের কাছ থেকে জাতীয় বিজ্ঞান পদক গ্রহণ করেন তিনি।
ইলন মাস্ক, জেফ বেজোস ও মার্ক জাকারবার্গের মতো বিশ্বের প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তাদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য হুমকি মোকাবিলায় স্বনিয়ন্ত্রণের অঙ্গীকারও করেছিলেন হুয়াং। তবে ট্রাম্প সরকারি নজরদারির আহ্বান প্রত্যাখ্যান করেছেন এবং এই প্রযুক্তি মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে—এমন সতর্কবার্তাও নাকচ করেছেন।
এদিকে সম্পর্কের বিষয়টি বিনিয়োগকারীদের কাছে প্রকাশ না করার অভিযোগে জেনসেন হুয়াং ও এনভিডিয়ার বিরুদ্ধে যৌথ শ্রেণিগত মামলা করেছেন প্রতিষ্ঠানটির শেয়ারধারীরা। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। হুয়াং সম্পর্কের কথা স্বীকার করার পর সাম্প্রতিক দিনগুলোতে এনভিডিয়ার শেয়ারের দাম ব্যাপকভাবে কমেছে।
এনভিডিয়া মূলত উন্নত প্রযুক্তির বিশেষ ধরনের প্রসেসর তৈরি করে, যেগুলো প্রথমে ভিডিও গেমের ত্রিমাত্রিক দৃশ্য তৈরির কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। এগুলো গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ নামে পরিচিত। প্রতিষ্ঠানটির অধিকাংশ প্রসেসর তৈরি করে তাইওয়ানের কোম্পানি টিএসএমসি, যা বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান।