রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান

আপলোড সময় : ১২-১১-২০২৬ , আপডেট সময় : ১২-১১-২০২৬

সড়কে প্রাণহানি কমাতে শুধু চালকের সচেতনতা নয়, প্রয়োজন কার্যকর সড়ক নিরাপত্তা আইন, জবাবদিহি নিশ্চিতকরণ এবং সমন্বিত সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়ন।

সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সভাকক্ষে প্রতিষ্ঠানটির আয়োজনে অনুষ্ঠিত এক তরুণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় সড়ক নিরাপত্তা আইন এবং সেইফ সিস্টেম এপ্রোচের প্রয়োজনীয়তা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় সড়ক নিরাপত্তা বিষয়ে আলোকপাত করেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকের সচেতনতা বাড়ালেই হবে না, সড়ক ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে একটি কার্যকর, যুগোপযোগী ও জবাবদিহিমূলক সড়ক নিরাপত্তা আইন অত্যন্ত জরুরি। আইনের যথাযথ প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে সড়কে মৃত্যুর মিছিল কমিয়ে আনতে হবে। সড়ক নিরাপত্তা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সড়ক ব্যবহারকারী সবার সম্মিলিত দায়িত্ব।”

অন্যদিকে, সেইফ সিস্টেম এপ্রোচের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সেশন পরিচালনা করেন নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনাকে শুধু চালকের ভুল হিসেবে দেখার সুযোগ নেই। একটি দুর্ঘটনার পেছনে সড়কের নকশা, যানবাহনের অবস্থা, গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগসহ নানা বিষয় জড়িত থাকে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়ন করতে হবে। এই পদ্ধতির মূল লক্ষ্য হলো মানুষের ভুলের সম্ভাবনাকে বিবেচনায় রেখে এমন একটি নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলা, যেখানে কোনো ভুলের কারণে যেন মানুষের জীবনহানি না ঘটে। এজন্য নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতি, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনা-পরবর্তী দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। তরুণদেরও সড়ক নিরাপত্তা আন্দোলনে সম্পৃক্ত হয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

ঢাকা আহ্‌ছানিয়া মিশন ইয়্যুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিইংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান।

কর্মশালায় বিভিন্ন ইয়ুথ অর্গানাইজেশন ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক তরুণ অংশগ্রহণ করেন। এ সময় তরুণদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ সড়ক গঠনে তরুণদের ভূমিকা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

---সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :