মো:সাকিব, চাঁপাইনবাবগঞ্জ থেকে॥
চাঁপাইনবাবগঞ্জে ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯৮ জন। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৩৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
তাঁদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৩ জন নারী। এছাড়া শিবগঞ্জে ৬ জন, গোমস্তাপুরে ৮ জন, নাচোলে ২ জন এবং ভোলাহাটে ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯ জনে। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৮ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এদিকে, গত এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ২ জনকে।
বর্তমানে চিকিৎসাধীন ৯৮ জনের মধ্যে পুরুষ ৬৯ জন ও নারী ২৯ জন। তাঁদের মধ্যে জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন।
ডেঙ্গুর ক্রমবর্ধমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।
তিনি বলেন, এডিস মশা জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই সপ্তাহে অন্তত এক দিন বাড়ি ও আশপাশের জমে থাকা পানি অপসারণ করে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। পাশাপাশি দিনের বেলায় ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং মশা নিরোধক ব্যবহারের পরামর্শ দেন তিনি।
সিভিল সার্জন আরও বলেন, জ্বর, মাথাব্যথা ও শরীরের বিভিন্ন স্থানে ব্যথাসহ ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তক্ষরণ, অতিরিক্ত দুর্বলতা কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।
ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগ, সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।