রাজশাহীতে নারী সার্জেন্টের অ্যাকাউন্টে অর্ধকোটি টাকা, তোলপাড়

আপলোড সময় : ১৩-১১-২০২৬ , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:৫৭:৪৪ অপরাহ্ন

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের সার্জেন্ট সাবিহা আক্তার একটি কোচিং সেন্টারের অ্যাকাউন্ট থেকে অর্ধকোটি টাকা নিজের অ্যাকাউন্টে নিয়েছেন। তবে কেন এবং কী কারণে সার্জেন্ট সাবিহা বিশাল অঙ্কের এই টাকা নিয়েছেন, তা জানাতে চাননি। বরং বলছেন, তার অ্যাকাউন্টে অর্ধকোটি কেন আরও বড় অঙ্কের টাকা ঢুকতেই পারে। রাজশাহীতে সার্জেন্ট সাবিহার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে তোলপাড়।

সার্জেন্ট সাবিহা যে প্রতিষ্ঠান থেকে টাকা নিয়েছেন, সেটির নাম নিউরন নার্সিং কোচিং সেন্টার। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। 

প্রাপ্ত প্রমাণাদি এবং ব্যাংকের স্টেটমেন্টে দেখা যাচ্ছে, এক্সিম ব্যাংক রাজশাহী শাখায় ২০২২ সালের ৩০ আগস্ট নিউরন নার্সিং কোচিং সেন্টার নামের ব্যাংক হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হয়। এরপর একই দিন কোচিং সেন্টারের হিসাব থেকে সার্জেন্ট সাবিহা আক্তারের ব্র্যাক ব্যাংকের হিসাবে ৪৯ লাখ টাকা ট্রান্সফার করে দেওয়া হয়। ফলে বিশাল অঙ্কের এই লেনদেন নিয়ে দেখা দিয়েছে চরম রহস্য। উঠেছে নানা প্রশ্ন।

কোচিং সেন্টার থেকে এই টাকা ব্যাংক হিসাবে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে।’ এই টাকার উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘যিনি টাকা দিয়েছেন তাকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’ একপর্যায়ে তিনি বলেন, ‘আমার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা, বলতে পারব না। কিছু লোকজন আমার পেছনে লেগেছে। এটাতো সাংবাদিকদের জানার কথা না। কে কী বলছে, এটা দেখার বিষয় না। এর জবাব আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে দেব।’

আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এর প্রমাণ আছে-জানালে তিনি বলেন, ‘এ বিষয়ে মোবাইলে না, সরাসরি কথা বলব।’

এদিকে সোমবার (৯ নভেম্বর) দুপুরে আরএমপির ট্রাফিক অফিসে ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের কক্ষে তার সামনেই এই বক্তব্য দেন সার্জেন্ট সাবিহা আক্তার। পরদিন মঙ্গলবার রাত ৯টায় তিনি নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে সাইফুল ইসলামের সঙ্গে দেখা করতে ছুটে যান। একটি ডেন্টাল কেয়ারের সামনে সাইফুল ইসলামের মুখোমুখি বসে সাবিহাকে কথা বলতে দেখা যায়। তিনি তখন ইউনিফর্মেই ছিলেন। এ ধরনের কয়েকটি ছবিও গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে।

সাবিহার ব্যাংক হিসাবে বড় অঙ্কের এই অর্থ স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম প্রথমে কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন। পরে তার এই অর্থের উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিলেন। কিন্তু তিনি সরাসরি তার কাছ থেকে টাকাটা নিতে চাননি। এ জন্য ওই ব্যক্তি আমাকে নগদ টাকা দেন। আমি সেটা ব্যাংকে দিয়েছি।’

রহস্যজনক এই লেনদেন তদন্তের প্রয়োজন বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিন। তিনি বলেন, ‘আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন থাকলে তার তদন্ত হওয়া প্রয়োজন।’

জানতে চাইলে আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান উপকমিশনার গাজিউর রহমান বলেন, ‘বর্তমানে সার্জেন্ট সাবিহার নামে এ রকম কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই বলে তিনি জানিয়েছেন।’ প্রসঙ্গত, সার্জেন্ট সাবিহা প্রায় আট বছর ধরে আরএমপিতে কর্মরত আছেন।

সূত্র: যুগান্তর

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :