ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো

আপলোড সময় : ১৪-১১-২০২৬ , আপডেট সময় : ১৪-১১-২০২৬

ঠাকুরগাঁও :

একটি স্থায়ী সেতুর অভাবে বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে টাঙ্গন নদী পারাপার হচ্ছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রায় আট গ্রামের ৩০ হাজার মানুষ। 

বর্ষায় নদী পারাপারে ভরসা বলতে হয় কলাগাছের ভেলা, আর শুকনো মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকো। এর ফলে শিশু, শিক্ষার্থী ও কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ঘটনার ঝুঁকিতে থাকতে হচ্ছে। স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও সেখানে কোনো স্থায়ী সেতু নির্মিত হয়নি।

স্থানীয়দের নিজস্ব উদ্যোগে প্রতিবছর বাঁশ সংগ্রহ করে এই সাঁকো তৈরি ও মেরামত করা হয়। কিন্তু বছর ঘুরতেই তা চলাচলের অযোগ্য ও নড়বড়ে হয়ে পড়ে। জীবিকার তাগিদে প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হয় নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুদের।

বিশেষ করে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ চরমে পৌঁছে। নদীর পানি বাড়লে সাঁকো ব্যবহার প্রায় অসম্ভব হয়ে পড়ে, তখন বাধ্য হয়ে কলাগাছের ভেলায় নদী পার হতে হয় এলাকাবাসী ও শিক্ষার্থীদের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা; সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।

শুধু মানুষের যাতায়াতই নয়, সেতুর অভাবে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এলাকার কৃষি ও ব্যবসা-বাণিজ্য। স্থানীয় কৃষকদের উৎপাদিত ধান, পাট, ভুট্টা, গম, আলু, আদা, মরিচ, পেঁয়াজ ও রসুনসহ বিভিন্ন কৃষিপণ্য পীরগঞ্জ বাজারে নিতে পোহাতে হয় চরম দুর্ভোগ। ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে গিয়ে প্রায়ই কৃষকদের পণ্যসহ দুর্ঘটনার শিকার হতে হয়। ভারী মালামাল নিয়ে নদী পারাপার অসম্ভব হওয়ায় উৎপাদিত পণ্যের পরিবহন খরচ ও সময়—দুটোই বহুগুণ বেড়ে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘকাল ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে সেতু নির্মাণের জোর দাবি জানিয়ে এলেও কেবল আশ্বাসই মিলেছে, মেলেনি কোনো কার্যকর উদ্যোগ। একটি স্থায়ী সেতু নির্মিত হলে পীরগঞ্জ উপজেলা সদরসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে আসবে ইতিবাচক পরিবর্তন।

উন্নয়নের নানা অগ্রগতির মাঝেও একটি সেতুর অভাবে এমন অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। তাই দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করে দীর্ঘদিনের এই জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :