হাসিনার আপিলের আর কোন সুযোগ নেই: আইনমন্ত্রী

আপলোড সময় : ১৪-১১-২০২৬ , আপডেট সময় : ১৪-১১-২০২৬

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল করার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ ধরনের মামলায় বিলম্ব মার্জনার কোনো বিধান নেই। কারণ, বিশেষ আইনের ক্ষেত্রে এ সুযোগ রাখা হয়নি।

শনিবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি সুযোগ দেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশে আসবেন। ভারত থেকে তাকে প্রত্যর্পণ করা হলে তা হবে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায়।বাংলাদেশ সংবাদ

‘এই যে এক্সট্রাডিশন চুক্তি, সেই চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া’, যোগ করেন তিনি।

আপিলের সুযোগ না থাকার বিষয়ে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ ধরনের মামলায় বিলম্ব মার্জনার আইনগত কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট বিশেষ আইনে এ ধরনের সুযোগ রাখা হয়নি। আইনটি আওয়ামী লীগ সরকারই করেছে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে সংবিধানের ৪৭ (৩) অনুচ্ছেদের উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমানের আমলে করা সংবিধানের ওই বিধানে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। এটি আওয়ামী লীগের করা আইন বলেও উল্লেখ করেন তিনি।

ভারত সরকার শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তিতে আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘এটা তারাই বলতে পারবেন।’

এ ছাড়া সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকার পর্যালোচনা করছে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, তা করা হয়েছে। অন্য পক্ষ কী করবে, সেটি তাদের বিষয়।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :