আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’র সভাপতি ঘোষণা করা সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীর একটি বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ওই বাসায় অবস্থান করছিলেন কামাল উদ্দিন। তার অবস্থান জানতে পেরে কয়েকজন ব্যক্তি বাসাটি ঘেরাও করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কামাল উদ্দিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী ছিলেন তিনি। রাজনৈতিক পরিচয়ে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক। ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে ওঠেন কামাল উদ্দিন। দলটির আত্মগোপনে থাকা নেতাদের সমালোচনা করে নিয়মিত ফেসবুকে পোস্ট ও ভিডিও প্রকাশ করতেন তিনি। বিশেষ করে বিদেশে অবস্থানরত নেতারা দেশে থাকা কর্মীদের আন্দোলনে নামার আহ্বান জানালেও তাদের বিপদে খোঁজখবর নেন না বলে অভিযোগ তুলতেন।
এমন অবস্থানের ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর ফেসবুকে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ঘোষণা করেন কামাল উদ্দিন। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় এ প্ল্যাটফর্মের কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানান। কমিটিতে যুক্ত হতে আগ্রহীদের হোয়াটসঅ্যাপে জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বানও জানান তিনি।
তার এসব বক্তব্য ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে ভাড়া বাসা ঘেরাওয়ের ঘটনার পর পুলিশি হেফাজতে নেওয়া হলো এই আইনজীবীকে।