আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ, প্রকৌশলী ইলিয়াসকে ঘিরে প্রশ্ন

আপলোড সময় : ১৪-১১-২০২৬ , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০২:৩৫:০৩ অপরাহ্ন
 
সংশোধিত ডিপিপিতে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি, ঠিকাদারি কাজ ও কন্টিনজেন্সি খাতে অনিয়মের অভিযোগ

রাজধানীর আজিমপুরে সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত বহুতল আবাসন প্রকল্পে দুই শতাধিক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রকল্পের বিভিন্ন পর্যায়ে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি, দরপত্র ও ঠিকাদারি কাজে অনিয়ম এবং কন্টিনজেন্সি খাতের অর্থ ব্যবহারে গুরুতর অসংগতির তথ্য সামনে এসেছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন আজিমপুর গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী ইলিয়াস আহমেদ ওরফে নাসির।

অভিযোগ রয়েছে, তাঁর দায়িত্বকালে গড়ে ওঠা ঠিকাদারি বলয়ের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কাজ ও কেনাকাটায় অনিয়ম করা হয়েছে। বিশেষ করে ৪ শতাংশ ফিজিক্যাল ও প্রাইস কন্টিনজেন্সি খাতের অর্থ ব্যয়ে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। এ খাত থেকেই অর্ধশতাধিক কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন প্রকল্পসংশ্লিষ্টরা।

বর্তমানে ইলিয়াস আহমেদ সিলেট গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। প্রকল্পের ব্যয়, বাস্তব অগ্রগতি এবং বিভিন্ন খাতে বরাদ্দের মধ্যে অসংগতির অভিযোগ সরকারি অর্থের ব্যবস্থাপনা ও প্রকল্প তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

প্রকল্পের শুরু থেকেই অনিয়মের অভিযোগ

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আজিমপুর গণপূর্ত বিভাগের দায়িত্ব নেওয়ার পর থেকেই ইলিয়াস আহমেদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠতে থাকে। দরপত্র প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগে প্রকল্পের শুরুর দিকেই একটি মামলাও হয়েছিল বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, দায়িত্বে থাকার সময় তিনি নিজস্ব বলয়ের ঠিকাদারদের মাধ্যমে বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করতেন। ঠিকাদারদের কাছ থেকে ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত কমিশন আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

প্রকল্প শুরুর প্রায় এক বছর পর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকেরা অনিয়ম, ঘুষ-বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে এসব অভিযোগের পরও তাঁর বিরুদ্ধে কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ

প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, ইলিয়াস আহমেদ আজিমপুরে দায়িত্ব পালনকালে প্রথম পর্যায়ের ভবন নির্মাণের পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের প্রকল্প প্রোফাইল এবং সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (আরডিপিপি) তৈরির বিভিন্ন পর্যায়ে যুক্ত ছিলেন।

অভিযোগ রয়েছে, তাঁর দায়িত্বকালে মুস্তাফিজ ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানকে প্রকল্পের একাধিক কাজ দেওয়া হয়। পাশাপাশি বার্ষিক ক্রয় পরিকল্পনার (এপিপি) আওতায় বিভিন্ন কাজেও প্রতিষ্ঠানটিকে সম্পৃক্ত করা হয়।

এ ছাড়া স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ ইকবাল ট্রেডিং করপোরেশনকে বেশি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব কাজের মান ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের দাবি, প্ল্যান্টের বিভিন্ন স্থানে ভৌত ও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

পদ্মা অ্যাসোসিয়েট, নুরানী কনস্ট্রাকশন, বঙ্গ বিল্ডার্স, জননী এন্টারপ্রাইজ, তনিমা এন্টারপ্রাইজ ও আব্দুল্লাহ এন্টারপ্রাইজসহ কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমেও বিভিন্ন কাজ করানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

প্রকল্পের ইটিপি, অভ্যন্তরীণ আরসিসি সড়ক, বৈদ্যুতিক স্থাপনা, সাবস্টেশন, জেনারেটর ভবন, সীমানাপ্রাচীর, খেলার মাঠ, টেনিস ও ব্যাডমিন্টন কোর্ট, পুকুর এবং জলাধার নির্মাণের ব্যয় ও কাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে এসব প্রতিষ্ঠানের কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনিয়ম কিংবা কমিশন লেনদেনের অভিযোগের স্বাধীন যাচাই প্রয়োজন।

সংশোধিত ডিপিপিতে ব্যয় বৃদ্ধির অস্বাভাবিক চিত্র

প্রকল্পের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনায় বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, কিছু ক্ষেত্রে কাজের পরিমাণ সামান্য বাড়লেও ব্যয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। আবার কোথাও কাজের পরিধি কমলেও বরাদ্দের যথাযথ সমন্বয় করা হয়নি।

নথি অনুযায়ী, প্রথমে ৬৫ হাজার ৪৪৫ ঘনমিটার ভূমি উন্নয়নের জন্য বরাদ্দ ছিল ৪ কোটি ১৫ লাখ টাকা। পরে অতিরিক্ত ৪ হাজার ৮৩৫ ঘনমিটার ভূমি উন্নয়নের জন্য আরও ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এতে প্রতি ঘনমিটার ভূমি উন্নয়নের ব্যয় ৬৩৫ টাকা থেকে বেড়ে ২ হাজার ৬০ টাকা হয়েছে।

একইভাবে ৪ হাজার মিটার সীমানাপ্রাচীর ও অরনামেন্টাল গেট নির্মাণে প্রাথমিক বরাদ্দ ছিল ৯ কোটি ৪৭ লাখ টাকা। সংশোধনের পর তা বেড়ে দাঁড়ায় ৯ কোটি ৮৪ লাখ টাকা। এতে মিটারপ্রতি ব্যয় ৯২৫ টাকা বেড়ে ২৪ হাজার ৬০০ টাকায় পৌঁছায়।

১৫ হাজার বর্গমিটার জলাশয় উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি বর্গমিটারে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার টাকা। অন্যদিকে ৬ লাখ ৫০ হাজার গ্যালন ধারণক্ষমতার ভূগর্ভস্থ অগ্নিনির্বাপণ জলাধার নির্মাণে বরাদ্দ ৫ কোটি ৯৮ লাখ টাকা থেকে বাড়িয়ে ৭ কোটি ৬ লাখ টাকা করা হয়েছে।

এ ছাড়া গভীর নলকূপ, পানির লাইন, জলাধার, বৃক্ষরোপণ, মাটি পরীক্ষা, ডিজিটাল সার্ভে, আরসিসি সড়ক, পার্কিং, ফুটপাত ও ডাস্টবিন নির্মাণসহ বিভিন্ন খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে।

১১ কোটি টাকার পার্কিং সুবিধা কমলেও ব্যয় সমন্বয় হয়নি?

প্রকল্পের অন্যতম বিতর্কিত বিষয় হচ্ছে যান্ত্রিক গাড়ি পার্কিং নির্মাণ। ভবনগুলোর বেজমেন্ট, নিচতলা ও সারফেস পার্কিংয়ে পর্যাপ্ত জায়গা না থাকায় ১২ তলাবিশিষ্ট একটি মেকানিক্যাল কার পার্কিং ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়।

প্রাথমিক পরিকল্পনায় সেখানে ২৮৮টি গাড়ি রাখার ব্যবস্থা থাকার কথা ছিল। কিন্তু বাস্তবে ২৪০টি গাড়ির পার্কিং সুবিধা তৈরি করা হয়েছে। ফলে প্রায় ১১ কোটি টাকা কম ব্যয় হওয়ার সুযোগ তৈরি হলেও ওই অর্থ উদ্বৃত্ত বা সমন্বয় হিসেবে দেখানো হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল বলে প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে তদন্তের ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

যন্ত্রপাতি ও কেনাকাটায় শতকোটি টাকার বরাদ্দ

প্রকল্পের ডিপিপিতে বিভিন্ন যন্ত্রপাতি ও অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

নথি অনুযায়ী, ১৭টি সাবস্টেশনের যন্ত্রপাতি, এইচটি ক্যাবল ও ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডের জন্য ৫৩ কোটি টাকা, লিফট কেনায় ৬১ কোটি ৫১ লাখ টাকা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফায়ার রেটেড ডোরে ২৭ কোটি ৩৪ লাখ টাকা এবং বেসমেন্টের কৃত্রিম বায়ু চলাচল ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ১৮ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া ৫৪০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ৭ কোটি ৭৫ লাখ টাকা, সিসিটিভি স্থাপনে ৬ কোটি ২০ লাখ টাকা এবং পাম্প-মোটর সেটে ৫ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

তবে অভিযোগ রয়েছে, এসব যন্ত্রপাতি কোথায় কতটি স্থাপন করা হবে, তার সুনির্দিষ্ট বিবরণ কিছু ক্ষেত্রে প্রকল্পের নথিতে উল্লেখ করা হয়নি। ফলে বরাদ্দের যৌক্তিকতা, কেনাকাটার স্বচ্ছতা এবং বাস্তবায়নের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

কন্টিনজেন্সি খাতের অর্থ নিয়েও গুরুতর অভিযোগ

প্রকল্পের সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে ফিজিক্যাল ও প্রাইস কন্টিনজেন্সি খাতের অর্থ ব্যয় নিয়ে।

প্রকল্পের ডিপিপি অনুযায়ী, এ খাতে ৪ শতাংশ বরাদ্দ রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, কাগজ-কলম ও মনিহারি সামগ্রী সরবরাহের মতো খাত দেখিয়ে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। এ প্রক্রিয়ায় প্রকৌশলী ইলিয়াস আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।

তবে এই অর্থের প্রকৃত ব্যয়, বিল-ভাউচার, সরবরাহের রেকর্ড এবং অর্থ উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণে পূর্ণাঙ্গ আর্থিক নিরীক্ষা প্রয়োজন।

সময় বাড়লেও শেষ হয়নি প্রকল্পের কাজ

৩৩ দশমিক ৬৮ একর জমির ওপর প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে আজিমপুর আবাসন প্রকল্পের জোন-এ অংশের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালে। ২০২১ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শেষ হয়নি। পরে দুই দফা মেয়াদ বাড়ানো হয়।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময়েও প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ অসমাপ্ত ছিল।

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মূল বরাদ্দের প্রায় ৯০ শতাংশ অর্থ ব্যয় হয়ে গেলেও ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কাগজে-কলমে সার্বিক অগ্রগতি দেখানো হয় ৮০ শতাংশ। তবে প্রকৌশলীদের একটি অংশের দাবি, বাস্তবে কাজের অগ্রগতি ছিল প্রায় ৭০ শতাংশ।

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরেই প্রকল্পের জন্য আরও ২০৬ কোটি ১৬ লাখ টাকা ছাড় করা হয়। নতুন করে এক বছর মেয়াদ বাড়ানোর পাশাপাশি আরও ৮ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রক্রিয়া চলছে বলেও অভিযোগ রয়েছে।

সরেজমিনে অসমাপ্ত ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো

প্রকল্প এলাকায় সরেজমিনে দেখা গেছে, ১৫টি বহুতল ভবনের মধ্যে চারটি মূল ভবনসহ মসজিদ, ইউটিলিটি ভবন, ক্লাব, মাঠ, গাড়ি পার্কিং এবং নলকূপ স্থাপনের কাজ তখনো চলমান ছিল। কোনো কোনো কাজ শেষ পর্যায়ে থাকলেও কিছু কাজ ছিল প্রাথমিক পর্যায়ে।

জলাশয়গুলোর অবস্থাও সন্তোষজনক নয় বলে অভিযোগ রয়েছে। একটি নতুন পুকুর খনন করা হলেও অন্য একটি পুকুরের সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। আরেকটি পুকুরের নির্মিত সীমানাপ্রাচীর ভেঙে পড়েছে। কয়েকটি জলাশয়ে ময়লা-আবর্জনা জমে থাকার চিত্রও দেখা গেছে।

বৃক্ষরোপণের জন্য উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ থাকলেও সরেজমিনে গাছ লাগানোর কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি পাওয়া যায়নি। নির্মিত আরসিসি সড়ক, পার্কিং এলাকা ও ফুটপাতের বিভিন্ন অংশেও ভাঙনের চিহ্ন রয়েছে।

এ ছাড়া পুরোনো একটি পুকুরের বড় অংশ ভরাট করে নতুন জলাধার নির্মাণের নামে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ উঠেছে। এসব কাজের প্রয়োজনীয়তা, ব্যয়ের যৌক্তিকতা ও নির্মাণমান খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বক্তব্যে দায়িত্ব এড়ালেন সাবেক নির্বাহী প্রকৌশলী

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রকৌশলী ইলিয়াস আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি তো অনেক আগেই পদোন্নতি ও বদলি হয়ে সিলেটে চলে এসেছি। ওই কাজের বিষয়ে আমার এখন আর তেমন কিছু মনে নেই।’

তবে তাঁর দায়িত্বকালে প্রকল্পের বিভিন্ন পর্যায়ে যেসব ব্যয় বৃদ্ধি, ঠিকাদারি কাজ ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলোর বিষয়ে তিনি সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি।

প্রকল্পের বিপুল অর্থ ব্যয়, বাস্তব অগ্রগতির সঙ্গে আর্থিক অগ্রগতির অসংগতি এবং কন্টিনজেন্সি খাতের অর্থ ব্যবহারের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এখন জরুরি হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পের মূল ডিপিপি ও সংশোধিত ডিপিপি, দরপত্র, কার্যাদেশ, বিল-ভাউচার, পরিমাপ বই, ঠিকাদারদের পেমেন্ট এবং সরেজমিন কাজের পরিমাণ মিলিয়ে পূর্ণাঙ্গ নিরীক্ষা করা হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।

সরকারি অর্থের অপচয় কিংবা আত্মসাতের ঘটনা ঘটে থাকলে দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অসমাপ্ত কাজের মান নিশ্চিত করে দ্রুত প্রকল্পটি সম্পন্ন করার দাবি উঠেছে। 

(চলবে, চোখ রাখুন পার্টা-২ এ)

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :