​সোনিয়াকে ‘রহস্যময় বিদেশি’ বলায় কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

আপলোড সময় : ১৪-১১-২০২৬ , আপডেট সময় : ১৪-১১-২০২৬

গান্ধী পরিবারকে নিয়ে করা এক পোস্টের জেরে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রনৌত। তাঁর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে ভারতের হিমাচল প্রদেশের শিমলার বয়লেগঞ্জ থানায় এফআইআর করা হয়েছে। অভিযোগ, কঙ্গনার পোস্ট সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াতে পারে এবং জনশান্তি বিঘ্নিত করার আশঙ্কা তৈরি করতে পারে।

শুক্রবার শিমলার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(বি), ৩৫৩(২) ও ৩৫৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারাও যুক্ত করা হয়েছে।

শিমলার পুলিশ সুপার গৌরব সিং বলেছেন, শিমলার বাসিন্দা ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং এর তদন্ত করা হবে।

অভিযোগকারী অতুল শর্মার দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। সেখানে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার দুই ছেলে সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে উসকানিমূলক ইঙ্গিত করা হয়েছে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। পোস্টে তাঁকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ হিসেবে উল্লেখ করা হয়েছিল বলেও দাবি করেছেন অতুল শর্মা।

আশির দশকের একটি পুরোনো পারিবারিক ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কঙ্গনার ওই পোস্ট সামনে আসে। ভিডিওতে ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, মানেকা গান্ধী এবং শিশু রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে একসঙ্গে দেখা যায়। এর মধ্যে সম্প্রতি প্রকাশিত হয়েছে সোনিয়ার স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। বইটি নিয়েও আলোচনা চলছে।

ভিডিওটি নিয়ে কঙ্গনা দীর্ঘ একটি পোস্টে মানেকা গান্ধীর সঙ্গে ইন্দিরার সম্পর্কের প্রসঙ্গ টানেন। তার লেখায় দাবি করা হয়, ভিডিওর শেষ দিকে অন্যরা চলে গেলেও মানেকা ইন্দিরার দিকে তাকিয়ে ছিলেন। কিন্তু তার প্রতি ইন্দিরার আচরণ ছিল উপেক্ষার।

একই পোস্টে কঙ্গনা ‘রহস্যময় বিদেশি’ বলে সোনিয়া গান্ধীকে ইঙ্গিত করেন। রাজীব গান্ধীর সঙ্গে তার পরিচয়, সঞ্জয় গান্ধীর মৃত্যু এবং মানেকাকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। পোস্টের শেষ দিকে কঙ্গনা লেখেন, ‘শেষ পর্যন্ত সেই রহস্যময় বিদেশি সোনিয়া গান্ধীই সরকারের শীর্ষ পদে পৌঁছোলেন! বাহ্! কী দারুণ ব্যাপার!’

অতুল শর্মার অভিযোগ, কঙ্গনার এই বক্তব্য রাজনৈতিক সমালোচনার সীমা ছাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াতে পারে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতার মনোভাব তৈরি হতে পারে বলেও দাবি করেছেন তিনি। তাঁর আরও অভিযোগ, পোস্টে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে ইমেইলের মাধ্যমে রাজ্য পুলিশের মহাপরিচালকের (ডিজিপি) কাছে অভিযোগপত্র পাঠান অতুল শর্মা। কঙ্গনার পোস্টের বিরুদ্ধে দ্রুত এফআইআর করার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে সাইবার ফরেনসিক তদন্তেরও আবেদন জানান তিনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কঙ্গনার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আউটলুক ইন্ডিয়া

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :