(পর্ব-২)​

দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের অভয়ারণ্য গণপূর্ত অধিদপ্তর!

আপলোড সময় : ১৬-১১-২০২৬ , আপডেট সময় : ১৬-১১-২০২৬

টেন্ডার নিয়ন্ত্রণে সিন্ডিকেট, প্রকল্প ব্যয়ে অস্বাভাবিক বৃদ্ধি, শতকোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ; তদন্ত ও জবাবদিহি নিয়ে প্রশ্ন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার অঙ্গীকারের মধ্যেই গণপূর্ত অধিদপ্তরে (পিডব্লিউডি) একের পর এক দুর্নীতি, অনিয়ম, টেন্ডার কারসাজি, ঠিকাদার সিন্ডিকেট গঠন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। অধিদপ্তরটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি প্রকল্পের কাজ নিয়ন্ত্রণ, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া, কমিশন আদায়, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে প্রায় দুই হাজার কোটি টাকার আজিমপুর সরকারি আবাসন প্রকল্পে দুই শতাধিক কোটি টাকার কথিত অনিয়ম, প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি, টেন্ডার নিয়ন্ত্রণ এবং সরকারি অর্থের অপব্যবহার। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, হবিগঞ্জ ও সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকায় কর্মরত ও সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গড়ে ওঠা ঠিকাদার সিন্ডিকেটের মাধ্যমে সরকারি কাজ বণ্টনের অভিযোগও সামনে এসেছে।

অভিযোগের তালিকায় রয়েছেন গণপূর্ত অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খান, সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইলিয়াস আহমেদ ওরফে নাসির, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন, প্রকৌশলী মো. রফিকুজ্জামান এবং সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান। এসকল অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও উদ্ধর্তন কর্তপক্ষের উদাসিনতার কারনে তাদের বিরুদ্ধে দৃশ্যত: কোন ব্যবস্থা না নেয়ায় দূর্নীতি ও অনিয়ম আরো মাথা চাঁড়া দিয়ে উঠছে বলে মনে করছেন সচেতন মহল।

অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক দুর্বলতা এবং জবাবদিহির অভাবে এসব অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। গুরুতর অভিযোগ থাকার পরও কোনো কোনো কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, কেউ পেয়েছেন পদোন্নতি কিংবা সুবিধাজনক পদায়ন।

গত ১৬ সেপ্টেম্বর বরিশাল বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমাদ সোহেল মঞ্জুর বলেন, মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতের দুর্নীতির ঘটনাগুলোও সরকার পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি। তবে অভিযোগকারীদের ভাষ্য, পিডব্লিউডির বেশ কয়েকটি গুরুতর অভিযোগের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি এখনো নেই।

বদরুল আলম খান: টেন্ডার ও পদায়ন নিয়ন্ত্রণের হোতা

গণপূর্ত অধিদপ্তরের ঢাকা গণপূর্ত সার্কেল-১-এর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে টেন্ডার নিয়ন্ত্রণ, ঠিকাদার সিন্ডিকেট গঠন, বদলি-পদায়নে প্রভাব বিস্তার, কমিশন আদায় এবং বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা ও ঠিকাদার দুদক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলেও অভিযোগকারীদের দাবি, অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমে তার প্রভাব এখনো রয়েছে।

অভিযোগ অনুযায়ী, পিডব্লিউডির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে তিনি পছন্দের ঠিকাদারদের নিয়ে একটি শক্তিশালী বলয় গড়ে তোলেন। ঢাকা, সাভার, মানিকগঞ্জ, গাজীপুর, ভোলা, ময়মনসিংহ ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সরকারি প্রকল্পের কাজ বণ্টনে ওই বলয়ের প্রভাব ছিল বলে অভিযোগ রয়েছে।

ঠিকাদারদের অভিযোগ, পছন্দের ঠিকাদার না হলে অনেক ক্ষেত্রে কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছিল। অধস্তন প্রকৌশলীদেরও নির্দিষ্ট ঠিকাদারদের কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হতো।

ব্যক্তিগত সম্পর্ক ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ

বদরুলের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলোর একটি হলো, নারী পরিচিতদের মাধ্যমে সরকারি কর্মকর্তা ও ঠিকাদারদের সঙ্গে সম্পর্ক তৈরি করে পরবর্তী সময়ে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে ব্ল্যাকমেইল করার চেষ্টা।

একাধিক প্রকৌশলীর অভিযোগ, এভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়া ব্যক্তিদের কাছে অর্থ দাবি করা হতো। পরে বিষয়টি মীমাংসার কথা বলে বদরুল যোগাযোগ করতেন বলে অভিযোগ রয়েছে।

পিডব্লিউডির নির্বাহী প্রকৌশলী মো. আতীকুল ইসলাম দাবি করেন, ঢাকায় কর্মরত অবস্থায় এক নারী তার সঙ্গে যোগাযোগ করেন এবং পরে বিভিন্নভাবে হুমকি দেন। ওই নারীর সঙ্গে বদরুলের পরিচয় ছিল বলে তিনি শুনেছিলেন। পরবর্তী সময়ে বদরুলও বিষয়টি মীমাংসার প্রসঙ্গে তার সঙ্গে যোগাযোগ করেন বলে দাবি করেন আতীকুল।

এ ঘটনায় তাকে প্রথমে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরে খুলনায় বদলি করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

প্রকল্প বণ্টন ও সম্পদ অর্জন নিয়ে প্রশ্ন

বদরুলের বিরুদ্ধে গাজীপুরের একাধিক সরকারি প্রকল্পে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ১৫ কোটি ৪১ লাখ টাকার বিএসটিআই প্রকল্প, ২০ কোটি ২৪ লাখ টাকার মহানগর পুলিশ স্টেশন প্রকল্প, ১৪ কোটি ৬১ লাখ টাকার মডেল মসজিদ প্রকল্প এবং কয়েকটি থানা ভবন নির্মাণকাজ।

মিরপুরের পাইকপাড়া আবাসিক প্রকল্প ও ১০৭টি থানা নির্মাণ প্রকল্পের আওতায় ভাসানটেক থানা ভবনের কাজ নিয়েও অভিযোগ উঠেছে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়াম নির্মাণকাজেও অনিয়মের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, নির্ধারিত সময়ে কাজ শেষ না হলেও ঠিকাদারকে প্রায় চার কোটি টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। বাকি কাজ শেষ করতে আরও ছয় থেকে আট কোটি টাকা প্রয়োজন হতে পারে।

দুদকে জমা দেওয়া অভিযোগে বদরুলের বিরুদ্ধে গার্মেন্টস ও গার্মেন্টস অ্যাকসেসরিজ ব্যবসা, ঢাকার বিভিন্ন স্থানে ফ্ল্যাট, জমি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিনিয়োগের তথ্য উল্লেখ করা হয়েছে। এসব সম্পদের একটি অংশ আত্মীয়স্বজনের নামে রাখা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, সাম্প্রতিক সময়ে টেন্ডার নিয়ন্ত্রণ, বদলি বাণিজ্য ও প্রকল্প কমিশনের মাধ্যমে ১২২ কোটি টাকার বেশি অর্থ অর্জন করা হয়েছে। এসব অভিযোগ যাচাইয়ে সম্পত্তির দলিল, আয়কর নথি, ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা তদন্তের দাবি জানিয়েছেন তারা।

বদরুলের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

সিলেট গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াসের বিরুদ্ধে ঘুষ, টেন্ডার কারসাজি ও অর্থপাচারের অভিযোগ

সিলেট গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইলিয়াস আহম্মেদের বিরুদ্ধে ঘুষ ও কমিশন বাণিজ্য, সরকারি প্রকল্পে দরপত্র কারসাজি, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের একাধিক অভিযোগ উঠেছে। ঢাকায় দায়িত্ব পালনকালে আজিমপুর আবাসন প্রকল্পসহ বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগের পাশাপাশি সিলেটে যোগ দেওয়ার পরও পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগকারী পক্ষের দাবি, ইলিয়াস আহম্মেদ একটি ফৌজদারি মামলার ১১০ নম্বর আসামি। সি.আর. মামলা নম্বর ১১৮/২০২৫-এ দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ৩২৬, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে দাবি করা হয়েছে। মামলাটি বিচারাধীন রয়েছে বলে অভিযোগকারী সূত্রের ভাষ্য। এ অবস্থায় মামলার বিষয়টি এবং তাঁর প্রশাসনিক দায়িত্বে বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। 

ঢাকায় দায়িত্ব পালনকালে কমিশন বাণিজ্যের অভিযোগ

প্রশাসনিক নথি অনুযায়ী, ইলিয়াস আহম্মেদ ২০১৫ সাল থেকে গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। একাধিক বর্তমান ও সাবেক কর্মকর্তার ভাষ্য, ঢাকায় দায়িত্ব পালনকালে প্রভাবশালী ঠিকাদারদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে কাজ বণ্টন, বিল অনুমোদন এবং কমিশন গ্রহণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

কয়েকজন ঠিকাদারের অভিযোগ, প্রকল্পের কাজ পাওয়া এবং বিল ছাড় করানোর ক্ষেত্রে কমিশন দাবি করা হতো। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্পের দরপত্র, কার্যাদেশ, বিল এবং আর্থিক নথি পর্যালোচনা করে সত্যতা যাচাই করা প্রয়োজন।

আজিমপুর প্রকল্পে অনিয়মের অভিযোগ

আজিমপুর গণপূর্ত বিভাগের অধীনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন নির্মাণ প্রকল্পেও অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কমিশনের বিনিময়ে বিল অনুমোদনের ঘটনা ঘটেছে।

এ ছাড়া আজিমপুর এলাকায় নির্মাণকাজ চলাকালে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট প্রকৌশলীদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছিল। অভিযোগকারী পক্ষের দাবি, নিহত শিশুর পরিবারকে আর্থিক সহায়তা এবং তার ভাইকে চাকরি দেওয়ার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে।

সিলেটে এলটিএমের বদলে ওটিএমে দরপত্রের অভিযোগ

সিলেট গণপূর্ত সার্কেলে দায়িত্ব নেওয়ার পর ইলিয়াস আহম্মেদের বিরুদ্ধে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম এবং নির্দিষ্ট ঠিকাদারদের সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রধান প্রকৌশলীর নির্দেশনা উপেক্ষা করে একাধিক এপিপিভুক্ত প্রকল্পে এলটিএম (লিমিটেড টেন্ডারিং মেথড) পদ্ধতির পরিবর্তে ওটিএম (ওপেন টেন্ডারিং মেথড) পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, দরপত্রের পদ্ধতি ও শর্ত নির্ধারণের মাধ্যমে নির্দিষ্ট কিছু ঠিকাদারকে সুবিধা দেওয়া হয়েছে এবং কমিশনের বিনিময়ে কাজ বরাদ্দের সুযোগ তৈরি করা হয়েছে। এ অভিযোগের পক্ষে যেসব দরপত্র আইডির উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো: ১০৯৯১০৪, ১০৮৭৩৪৩, ১০৫৫৫৯৮, ১০৩৮৬৬৫, ১০৩৮২৯৮, ১০৩৭৪৭৯, ১০২৯৯৯০, ১০২৯১৬৭, ১০২৮০৮৫, ১০২৭৬৯৯, ১০২৭৫৮৯, ১০২৫৩২২, ১০১৩০৭৬ এবং ১০১১৬৬৩।

দরপত্রগুলোতে কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে, সংশ্লিষ্ট প্রকল্পের অনুমোদিত ক্রয়পরিকল্পনায় কী বলা ছিল এবং প্রধান প্রকৌশলীর নির্দেশনা ছিল কি না—এসব নথি যাচাই করলেই অভিযোগের সত্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব।

প্রভাবশালী সিন্ডিকেট গঠনের অভিযোগ

অভিযোগে বলা হয়েছে, সিলেটে যোগ দেওয়ার পর ইলিয়াস আহম্মেদ কয়েকজন নির্বাহী প্রকৌশলীকে নিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলেন। অভিযোগে সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর, হবিগঞ্জের সাকিবুর রহমান, মৌলভীবাজারের মাহামুদুল হাসান এবং সুনামগঞ্জের নাজমুল হাসান হিরার নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য, এই সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান ও অনুমোদনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে নির্দিষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া হচ্ছে। তবে নাম উল্লেখ করা কর্মকর্তাদের সংশ্লিষ্টতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

ডিপিপির বাইরে ১৮ কোটি টাকার দরপত্রের অভিযোগ

সিলেট ক্যান্সার, হার্ট ও কিডনি হাসপাতাল প্রকল্পে প্রায় ১৮ কোটি টাকার একটি দরপত্র (আইডি: ১০৯০৬৬১) অনুমোদিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি)-এর বাইরে আহ্বান করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পাঁচ প্যাকেজ এক করে দরপত্র আহ্বানের অভিযোগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আঞ্চলিক ভবন নির্মাণ প্রকল্পে পাঁচটি পৃথক প্যাকেজ একত্র করে একটি বড় দরপত্র আহ্বানের অভিযোগও রয়েছে। অভিযোগে উল্লিখিত দরপত্রটির আইডি ১০৮৯০২১।

অভিযোগকারীদের দাবি, দরপত্রে সাব-স্টেশন, জেনারেটর, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বৈদ্যুতিক কেবল, ইন্টারনেট ও টেলিফোন নেটওয়ার্ক এবং সিসিটিভিসহ এমন কিছু শর্ত যুক্ত করা হয়েছে, যা অল্প কয়েকটি বড় প্রতিষ্ঠানের পক্ষেই পূরণ করা সম্ভব। 

অবৈধ সম্পদ ও বিদেশে অর্থ স্থানান্তরের অভিযোগ

একাধিক সূত্রের দাবি, সরকারি চাকরির আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ গড়ে তুলেছেন ইলিয়াস আহম্মেদ। অভিযোগ অনুযায়ী, ঢাকার ধানমন্ডিতে তাঁর দুটি ফ্ল্যাট, বরিশালে একটি ব্যয়বহুল মসজিদ এবং বিদেশে একটি বাড়ি রয়েছে। এ ছাড়া আত্মীয়দের নামে ব্যাংক হিসাব ব্যবহারের অভিযোগও করা হয়েছে।

অন্যদিকে, মালয়েশিয়া ও দুবাইয়ে ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর করে বিদেশে অর্থ পাচারের অভিযোগ তুলেছে সূত্রগুলো। 

সিলেটের কয়েকজন ঠিকাদারের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পরও প্রকল্প অনুমোদন ও কাজ বণ্টনের ক্ষেত্রে কমিশন ছাড়া সিদ্ধান্ত পাওয়া কঠিন হয়ে পড়েছে। 

চট্টগ্রামে জাকির হোসেন: পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ

পিডব্লিউডির চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে টেন্ডার কারসাজি, নির্দিষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া এবং কাজের মান যাচাই ছাড়াই বিল পরিশোধের অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকার মেরামত ও সংস্কারকাজ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, কয়েকটি প্রতিষ্ঠান কম দরপত্র জমা দিলেও তুলনামূলক বেশি দর দেওয়া একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়।

কাজের অগ্রগতি ও মান যথাযথভাবে যাচাই না করেই বিল পরিশোধের অভিযোগও রয়েছে।

এ ঘটনায় উপবিভাগীয় প্রকৌশলী রিয়াদুন উন নবী, সহকারী প্রকৌশলী ফারহান শাহরিয়ার এবং উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলামের নামও অভিযোগে এসেছে।

ঠিকাদার সাইফুল ইসলাম রাজুসহ কয়েকজন অভিযোগ করেছেন, নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রভাবের কারণে প্রতিযোগিতামূলক পরিবেশ নষ্ট হয়েছে। জাকিরের নিজের ও পরিবারের সদস্যদের নামে গাড়ি, এফডিআর এবং সঞ্চয়পত্রসহ বিপুল সম্পদ থাকার অভিযোগও তুলেছেন তারা।

এসব সম্পদের উৎস, ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মকর্তাদের আর্থিক সম্পর্ক তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

জাকির হোসেনের বক্তব্য জানতে ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

রফিকুজ্জামান: পাঁচ ফ্ল্যাট ও দুটি পেট্রলপাম্পের সম্পদ নিয়ে প্রশ্ন

গণপূর্ত অধিদপ্তরের হবিগঞ্জে কর্মরত প্রকৌশলী মো. রফিকুজ্জামানের বিরুদ্ধে সরকারি প্রকল্পে অনিয়ম এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৬ অক্টোবর দুদকে লিখিত অভিযোগ দিয়েছেন অধিদপ্তরেরই এক কর্মচারী।

অভিযোগে বলা হয়েছে, ঢাকায় দায়িত্ব পালনকালে মুগদা হাসপাতাল, বাংলাদেশ টেলিভিশনের একটি ভবন সংস্কার এবং বিভিন্ন পুলিশ স্থাপনা নির্মাণকাজে ব্যয় বৃদ্ধি, নিম্নমানের কাজ, কার্যাদেশ প্রদান ও বিল পরিশোধে অনিয়ম হয়েছে।

এ ছাড়া তার স্ত্রী ও বোনের নামে বসুন্ধরা আবাসিক এলাকায় পাঁচটি বিলাসবহুল ফ্ল্যাট, হবিগঞ্জ ও কুড়িগ্রামে দুটি পেট্রলপাম্প এবং হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাঠিয়ে সম্পত্তি কেনার অভিযোগ করা হয়েছে।

দুদক সূত্রের বরাতে জানা গেছে, অভিযোগটি যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। রফিকুজ্জামানকে ফোন ও খুদে বার্তা পাঠিয়েও বক্তব্য পাওয়া যায়নি।

সিরাজগঞ্জে ৩৭টি আরএফকিউ, ঠিকাদার সিন্ডিকেটের অভিযোগ

সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসানের বিরুদ্ধে পছন্দের ঠিকাদারদের নিয়ে সিন্ডিকেট গঠন, দরপত্রে অনিয়ম এবং সরকারি কাজ বণ্টনে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

ঠিকাদারদের অভিযোগ, ঢাকা ও খুলনার কয়েকটি প্রতিষ্ঠানকে কাজ দিতে গিয়ে স্থানীয় ঠিকাদারদের বঞ্চিত করা হচ্ছে।

জেলা কারাগারে গভীর নলকূপ স্থাপনের একটি কাজ টাঙ্গাইলভিত্তিক বিথী কনস্ট্রাকশনকে দেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটি আওয়ামী লীগ সরকারের সাবেক এক মন্ত্রীর ভাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে।

চলতি অর্থবছরে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ৩৭টি রিকোয়েস্ট ফর কোটেশন (আরএফকিউ) আহ্বান করা নিয়েও আপত্তি জানিয়েছেন ঠিকাদাররা। তাদের প্রশ্ন, বারবার এই পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে অনুমোদিত বার্ষিক ক্রয় পরিকল্পনা ও বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না।

এ ছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক বাসিন্দা ও ছাত্রলীগের সাবেক নেতার মালিকানাধীন বলে অভিযোগ থাকা এসএ এন্টারপ্রাইজ চলতি অর্থবছরেও প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার একাধিক কাজ পেয়েছে বলে অভিযোগ উঠেছে। আগের দুই অর্থবছরেও প্রতিষ্ঠানটি একাধিক লাভজনক কাজ পেয়েছিল বলে দাবি ঠিকাদারদের।

এসব কাজের মধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় ৬৫ লাখ টাকার সাবস্টেশন ভবন নির্মাণ ও সরঞ্জাম সরবরাহ, জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন ভবনের সংস্কার এবং জেলা কারাগারের আবাসিক ভবন মেরামত রয়েছে।

অভিযোগকারীদের দাবি, প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করা হলেও প্রকৃতপক্ষে কাজগুলো নিয়ন্ত্রণ করছেন নির্বাহী প্রকৌশলী নিজেই।

এ ছাড়া জুন ক্লোজিংয়ের নামে ভুয়া বিল ও ভাউচারের মাধ্যমে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। 

মাহমুদুল হাসানের বক্তব্য জানতে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

জবাবদিহি কোথায়?

পিডব্লিউডির বিভিন্ন কার্যালয়ে ওঠা অভিযোগগুলোর ধরন আলাদা হলেও সেগুলোর মধ্যে কয়েকটি বিষয়ে স্পষ্ট মিল রয়েছে—টেন্ডার নিয়ন্ত্রণ, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া, প্রকল্প ব্যয় বৃদ্ধি, কমিশন আদায় এবং সরকারি অর্থের ব্যবহারে স্বচ্ছতার ঘাটতি।

অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট প্রকল্পের মূল ও সংশোধিত উন্নয়ন প্রস্তাব, দরপত্র মূল্যায়ন প্রতিবেদন, কার্যাদেশ, মাপবই, বিল-ভাউচার, কাজ সমাপ্তির সনদ, ব্যাংক লেনদেন ও সম্পদ বিবরণী পরীক্ষা করা জরুরি।

একই সঙ্গে যেসব অভিযোগ মন্ত্রণালয় ও দুদকে জমা পড়েছে, সেগুলোর তদন্তের অগ্রগতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন।

অভিযোগ উঠলেই কাউকে অপরাধী বলা যায় না। তবে সরকারি অর্থ ও জনস্বার্থ সংশ্লিষ্ট এমন গুরুতর অভিযোগকে কেবল বদলি বা সাময়িক প্রশাসনিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। অভিযোগের নিরপেক্ষ তদন্ত, অর্থের হিসাব নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়েই পিডব্লিউডিতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা সম্ভব।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :