​‘একজনের দ্বারা ব্ল্যাকমেইলিং ও নির্যাতনের শিকার’, অভিযোগ ফারিনের

আপলোড সময় : ১৭-১১-২০২৬ , আপডেট সময় : ১৭-১১-২০২৬

গত কয়েক বছর ধরে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে ব্ল্যাকমেইলিং ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী ও মডেল ফারিন খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনার কথা তুলে ধরেন তিনি।


একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। 
তবে আপাতত তার নাম প্রকাশ করেননি ফারিন। জানিয়েছেন, আগামী দুই-তিন দিনের শুটিংয়ের ব্যস্ততা শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরবেন।

ফেসবুক লাইভে ফারিন বলেন, ‘আমি একজন শিল্পী।


অভিনয়ের বাইরে আমার একটা পার্সোনাল লাইফ আছে। আমি চেষ্টা করি সবসময় ব্যক্তিগত জীবনকে মিডিয়া থেকে দূরে রাখার। কিন্তু মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি হয়ে যায়, তখন বাধ্য হয়ে কথা বলতে হয়। আমার সঙ্গেও তেমনটাই হয়েছে।

আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা মানসিকভাবে বিপর্যস্ত।’

গত কয়েক বছর ধরে একজনের কাছ থেকে ব্ল্যাকমেইলিং ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করে তিনি আরো বলেন, ‘গত কয়েক বছর যাবৎ আমি একজনের দ্বারা ব্ল্যাকমেইলিং এবং নির্যাতনের শিকার হচ্ছি। বিষয়টি নিয়ে অনেকবার কথা বলতে চেয়েছি, ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি। কিন্তু ব্যক্তিগত জীবন, সমাজ ও পরিবারের কথা চিন্তা করে থেমে গেছি। আজকে আমাকে ফেসবুক লাইভে এসে কথা বলার জন্য বাধ্য করা হয়েছে।


অভিযুক্ত ব্যক্তি তার পরিচিত বলেও জানান ফারিন। তার অভিযোগ, ওই ব্যক্তি অভিনেত্রীর কয়েকজন সহকর্মীর কাছে বিভিন্ন ভিডিও ও ব্যক্তিগত কথাবার্তা শেয়ার করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে আমাদের জানাশোনা একজনই। সে এখন আমার অনেক কলিগদের সঙ্গে বিভিন্ন ধরনের ভিডিও এবং ব্যক্তিগত অনেক কথাবার্তা শেয়ার করছে। যাদের কাছে শেয়ার করছে তাদেরকেও আমি ফেস করতে চাই। তারা বিষয়গুলো কীভাবে দেখছে সেটা নিয়েও কথা বলব।’

অভিযুক্ত ব্যক্তির আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তাকে ভণ্ড আখ্যা দিয়ে ফারিন বলেন, ‘আমি অবাক হই একটা মানুষ কতটা হিপোক্রেট হয়! সে মালয়েশিয়া বসে মক্কার নাম বলে— কতটা মিথ্যাবাদী, চিটার, ভণ্ড!’

এ ছাড়া নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ও মুঠোফোন হ্যাক করার অভিযোগও তুলেছেন ফারিন। তার দাবি, ব্যক্তিগত নানা নথি অভিযুক্ত ব্যক্তির কাছে রয়েছে এবং বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সে অনেকবার আমার আইডি হ্যাক করেছে। আমার ফোন হ্যাক করেছে। আমার অনেক ডকুমেন্ট তার কাছে রয়েছে, যেটা নিয়ে আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে আছি। আমার কোনো ব্যক্তিগত কথাবার্তা, ক্লিপস বা কোনো কিছু যদি কারও কাছে সে পাঠাতে চায় বা দেখাতে চায়, আপনারা অবশ্যই আমাকে অবগত করবেন। আর কোনো কিছু লিক হলে এর জন্য সে অবশ্যই দায়ী থাকবে।’

সবশেষে শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন ফারিন। আগামী দুই-তিন দিনের শুটিং শেষ করে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের সামনে অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি। 

অভিনেত্রী বলেন, ‘আগামী দুই-তিন দিন আমার শুটিংয়ের চাপ আছে। কাজগুলো শেষ করে আমি আমার অভিভাবকদের নিয়ে বসে সব বিস্তারিত বলব। সাংবাদিক ভাইদের ডেকে অফিশিয়ালি নামটা প্রকাশ করব। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন এমন ভয়াবহ একজন মানুষের হাত থেকে রক্ষা পাই।’

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :