​সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে সিরাজগঞ্জের ট্রাফিক ব্যবস্থা

আপলোড সময় : ১৮-১১-২০২৬ , আপডেট সময় : ১৮-১১-২০২৬

সিরাজগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা, দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা এবং আইন প্রয়োগে দুর্বলতার কারণে সড়কে বিশৃঙ্খলা ক্রমেই বাড়ছে। জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পৌরসভা ও ট্রাফিক পুলিশের মধ্যে কার্যকর সমন্বয় না থাকায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও আঞ্চলিক মহাসড়কে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারী, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

নিবন্ধনহীন সিএনজির দাপট

সিরাজগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কে নিয়মিত চলাচল করছে ৪০ হাজারের বেশি সিএনজিচালিত অটোরিকশা ও অটোটেম্পু। অথচ এসব যানবাহনের মধ্যে মাত্র ৪ হাজার ১০টির নিবন্ধন নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এর অধিকাংশের নিবন্ধনের মেয়াদও বহু আগে শেষ হয়েছে।

গত সেপ্টেম্বরে বিআরটিএ মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের বিশেষ সুযোগ দেয়। নির্ধারিত সময়ের মধ্যে মূল ফি ও কর পরিশোধ করে অতিরিক্ত জরিমানা ছাড়াই এসব কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দেওয়া হয়। সাড়া কম পাওয়ায় দুই দফায় সময় বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

তবে এত সুযোগ দেওয়ার পরও সিরাজগঞ্জ বিআরটিএ কার্যালয়ে সিএনজিচালিত অটোরিকশার কাগজপত্র কিংবা চালকদের লাইসেন্স হালনাগাদের জন্য একটিও আবেদন জমা পড়েনি বলে জানিয়েছেন বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক নাঈম আহমেদ।

মাসিক চাঁদা আদায়ের অভিযোগ

সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, বিভিন্ন সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পুর মালিক-চালকদের নিজ নিজ সমিতিকে মাসে ৫০০ টাকা করে দিতে হয়। এভাবে অবৈধভাবে চলাচলকারী যানবাহন থেকে সমিতির নেতারা মাসে দুই কোটি টাকার বেশি আদায় করেন বলে অভিযোগ রয়েছে।

আদায় করা অর্থের একটি অংশ ট্রাফিক বিভাগ, বিআরটিএ, জেলা প্রশাসন ও পৌরসভার সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বণ্টন করা হয় বলেও অভিযোগ করেছেন সূত্রগুলো। 

এ ধরনের আর্থিক লেনদেনের অভিযোগের কারণে যানবাহনের মালিক ও চালকদের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদে অনাগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সমন্বয়হীনতার কথা স্বীকার ট্রাফিক কর্মকর্তার

ট্রাফিক ব্যবস্থাপনার দুরবস্থা সম্পর্কে জানতে চাইলে সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. মেরাজুল ইসলাম সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতার কথা স্বীকার করেন।

তিনি বলেন, গত সোমবার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিআরটিএ ও পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় শহরের নিউমার্কেট এলাকায় একটি নতুন সিএনজি টার্মিনাল উদ্বোধন করেন। এ সময় নির্ধারিত রুটের পরিচিতিসংবলিত কিউআর কোডযুক্ত স্টিকারও বিতরণ করা হয়। কিন্তু এ উদ্যোগে গুরুত্বপূর্ণ অংশীজন হওয়া সত্ত্বেও ট্রাফিক বিভাগকে সম্পৃক্ত করা হয়নি, এমনকি বিষয়টি তাদের জানানোও হয়নি।

মেরাজুল ইসলাম বলেন, প্রশাসনের সহযোগিতা ছাড়া ট্রাফিক পুলিশের একার পক্ষে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি কিংবা প্রশাসনিক নির্দেশনা ছাড়া মোবাইল কোর্ট পরিচালনা করা যায় না। এ সুযোগে অনেক যানবাহন প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ লাইসেন্স ছাড়াই সড়কে চলাচল করছে।

গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের উপস্থিতি কম

বাজার স্টেশন গোলচত্বর, রেলগেট, প্রেস ক্লাবের সামনে চৌরাস্তা মোড় এবং বড়বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশের সীমিত উপস্থিতিও যানজট বাড়াচ্ছে। ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বেপরোয়া চলাচলে প্রায়ই দুর্ঘটনা ও যানজট সৃষ্টি হচ্ছে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ছিনতাইয়ের মতো অপরাধের ঝুঁকিও বাড়ছে।

বেপরোয়া কিশোর বাইকার, মানছে না আইন

শহরের বিভিন্ন সড়কে কিশোর মোটরসাইকেল চালকদের বেপরোয়া চলাচল নতুন উদ্বেগ তৈরি করেছে। তাদের অনেকেরই বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালানোর প্রবণতাও দেখা যাচ্ছে। যথাযথ আইন প্রয়োগের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর মেরাজুল ইসলাম অভিযোগ করেন, আইন প্রয়োগ করতে গিয়ে ট্রাফিক পুলিশ প্রায়ই বাধার মুখে পড়ে। অনেক মোটরসাইকেল চালক নিজেদের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কিংবা ছাত্র সমন্বয়ক পরিচয় দেন। তাঁদের প্রভাবের কারণে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগেন।

সার্বিক পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ, বিআরটিএ, জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ, অবৈধ যানবাহনের বিরুদ্ধে কার্যকর অভিযান এবং সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :